নারায়ণগঞ্জ ক্লাবে হামলা

সেলিম-শামীম ওসমানসহ ১৯৬ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৭ মে ২০২৫, ০১:২১ এএম

নারায়ণগঞ্জ ক্লাবে হামলা ও ব্যাপক লুটপাটের ঘটনায় প্রায় সাড়ে ৯ মাস পর ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় দাবি করা হয়েছে, এতে ক্লাবটির ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মামলাটি দায়ের করেছেন ক্লাবের সুপারভাইজার রঞ্জন কুমার সুমন। তিনি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এই অভিযোগটি দায়ের করেন। মামলায় ওসমান ভ্রাতৃদ্বয়—সাবেক সংসদ সদস্য একেএম সেলিম ওসমান ও একেএম শামীম ওসমানসহ ৪৬ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরও প্রায় ১৫০ জনকে আসামি করা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির আহমদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ইতোমধ্যে মামলার তদন্ত শুরু করেছে।

মামলার প্রধান আসামিদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য একেএম সেলিম ওসমান (৭০) এবং তার ভাই নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান (৬৪)। মামলায় আরও নাম রয়েছে শামীম ওসমানের শ্যালক ও ক্লাবের সাবেক সভাপতি তানভীর আহমেদ টিটু (৫১), খবির আহমেদ (৭৮), ক্লাবের আরেক সাবেক সভাপতি আসিফ হাসান মাহমুদ মানু (৫৪), মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম (৫৬), শামীম ওসমানের বিয়াই ফয়েজউদ্দিন আহমেদ লাভলু (৬৫), মো. আরমান হোসেন জুয়েল (৬২), সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা (৬২), শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান (৪৯), মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল (৫৮), মহানগর যুবলীগের সভাপতি মো. শাহদাৎ হোসেন ভূঁইয়া সাজনু (৫৫), জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চন্দন শীল (৬৩), শামীম ওসমানের মামাশ্বশুর জালাল উদ্দিন আহমেদ (৭২), মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা (৫৭), জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. হাসান ফেরদৌস জুয়েল (৫৬), ইয়ার্ন মার্চেন্টের সাবেক সভাপতি লিটন সাহা (৫৫) এবং তার ভাই নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সহ-সভাপতি বিপ্লব সাহা রামু (৪৮)।

এছাড়াও মামলায় আসামি করা হয়েছে এস এম রানা (৪৬), শামীম ওসমানের পুত্র ইমতিনান ওসমান অয়ন (৩৭), মো. সানাউল্লাহ (৬৩), এ এম মোস্তফা কামাল (৬৫), কামরুল হাসান মুন্না (৫২), এম মাসুদ-উর-রউফ (৬৯), মিজানুর রহমান মিজান (৬১), শংকর কুমার রায় (৬১), ফাইজুল ইসলাম (৫৫), মোহাম্মদ মহসিন মিয়া (৫২), মীর সোহেল (৫৫), এস এম ওয়াজেদ আলী খোকন (৬২), আবু হাসনাত শহীদ বাদল (৬৪), জসিমউদ্দিন (৫৬), মো. আবুল হোসেন (৬৬), মো. জাহাঙ্গীর আলম (৫৮), মো. আদনান কবির (৩৮), কবির হোসেন (৫৫), মো. আ. করিম বাবু ওরফে ডিশ বাবু (৫৩), মো. রিয়ন (২৮), মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি (৩৭), আব্দুল জাব্বার (৫৭), মইনুল হাসান বাপ্পি (৫১), এহসানুল হক নিপু (৪৮), অনুপ কুমার সাহা (৬২), নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল কাদির (৬৬), দেবদাস সাহা (৬৩), সোহাগ রনি (৪০) প্রমুখ।

জানা গেছে, ক্লাবে হামলা ও লুটপাটের ঘটনায় আরও চার-পাঁচটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট, আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ ক্লাবে একদল লোক হামলা চালায় এবং ব্যাপক লুটপাট করে। এই ঘটনায় দীর্ঘদিন পর মামলা দায়ের করলো ক্লাব কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত