ইশরাককে শপথ না পড়ানো পর্যন্ত রাজপথ ছাড়বে না সমর্থকরা

আপডেট : ১৮ মে ২০২৫, ১১:৫১ এএম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব হস্তান্তরের দাবিতে চতুর্থ দিনের মতো বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তাঁর সমর্থকেরা। 

আজ রবিবার সকাল থেকে ‘ঢাকাবাসী’ ব্যানারে আন্দোলনকারীরা নগরভবনের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

প্রধান ফটক আটকে দেওয়ায় নগরভবনে প্রবেশে বাধা সৃষ্টি হয়েছে। এতে সাধারণ সেবাগ্রহীতারা ভোগান্তিতে পড়েছেন।

ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে এসে আন্দোলনকারীরা নগরভবনের সামনে জড়ো হন। তাঁরা ইশরাক হোসেনের শপথ গ্রহণে বিলম্বের প্রতিবাদ জানান এবং স্লোগানে মুখর করে তোলেন নগরভবন এলাকা।

বিক্ষোভকারীরা এ সময় বলেন, “শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই”, “শপথ নিয়ে তালবাহানা চলবে না চলবে না”, “অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, দিতে হবে”, “জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই”।

কর্মসূচিতে অংশ নেওয়া যাত্রাবাড়ীর বাসিন্দা এমদাদুল হক বলেন, “ইঞ্জিনিয়ার ইশরাক জনগণের ভোটে নির্বাচিত মেয়র। আমরা তাঁকে দ্রুত দায়িত্বে দেখতে চাই। কত দিন এমনভাবে আটকে রাখবে তাঁকে? সরকারের কাছে প্রশ্ন— কেন এখনো তাঁকে শপথ করানো হচ্ছে না? শপথ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। যদি তালবাহানা চলতে থাকে, আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব।”

পুরান ঢাকা থেকে আসা নাসরিন আক্তার বলেন, “গেজেট প্রকাশ হলেও এখনো শপথ পড়ানো হয়নি। আমরা ইশরাক হোসেনকে দ্রুত মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাব।”

এদিকে গতকাল শনিবার (১৭ মে) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, “নির্বাচনের ৩০ দিনের মধ্যে মামলা করা হয়েছিল। তাপস প্রভাব খাটিয়ে এই মামলা থামাতে চেয়েছিলেন। তখন আদালত আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল। এরপরও আমরা সব আইনি প্রক্রিয়া মেনে রায় পেয়েছি। এখন যারা আদালতের রায় নিয়ে প্রশ্ন তুলছেন, তারা আদালত অবমাননা করছেন।”

বিএনপির এই নেতা আরও বলেন, “গেজেট প্রকাশের ২০ দিন পার হলেও আমাকে এখনো শপথ পড়ানো হয়নি। অথচ আমরা শপথ গ্রহণে পুরোপুরি প্রস্তুত।”

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন প্রায় পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন। তবে চলতি বছরের ২৭ মার্চ, নির্বাচনের ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করে ট্রাইব্যুনাল। পরে, ২২ এপ্রিল রায়ের কপি হাতে পেয়ে নির্বাচন কমিশন গেজেট প্রকাশের জন্য আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত