সিরাজগঞ্জের তাড়াশের তালম ইউনিয়নে বিএনপির দুই পক্ষের হাতাহাতির ঘটনায় গোনতা আলীম মাদরাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা পণ্ড হয়ে গেছে। রবিবার (১৮ মে) সকালে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গোনতা আলীম মাদরাসার অধ্যক্ষ মো. আব্দুল মান্নান অ্যাডহক কমিটির পরিচিতি সভা পণ্ড হওয়ায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তালম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. আইয়ুব আলী জানান, মাদরাসার অধ্যক্ষ মো. আব্দুল মান্নান তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিমকে অ্যাডহক কমিটির সভাপতি, তার আপন ভাই সোলায়মান হোসেনকে শিক্ষক প্রতিনিধিসহ তার নিকট আত্মীয়দের দিয়ে কমিটি গঠন করেন। এ কমিটিতে তালম ইউনিয়ন বিএনপি বা গোনতা গ্রামের কোনও বিএনপি নেতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের রাখা হয়নি।
এ খবর জানতে পেযে তালম ইউনিয়ন বিএনপির প্রায় শতাধিক নেতাকর্মী মাদরাসা চত্বরে উপস্থিত হয়ে হট্টগোল শুরু করেন। এ সময় অ্যাডহক কমিটির সভাপতি আব্দুর রহিমের সমর্থক ও কমিটিতে পদ না পাওয়া ব্যক্তিদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দুই পক্ষকে সেখানে থেকে সরিয়ে দেন। ফলে পূর্ব নির্ধারিত গোনতা আলীম মাদরাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা পণ্ড হয়ে যায়।
তালম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোরহাব হোসেন জানান, মাদরাসার অধ্যক্ষ মো. আব্দুল মান্নান বিএনপির কোনও ত্যাগী নেতা বা গোনতা এলাকার বিএনপি করা গণ্যমান্য কোনও ব্যক্তিকে অ্যাডহক কমিটিতে না রাখায় এ ঘটনা ঘটেছে।
এ বিষয়ে গোনতা আলীম মাদরাসার অধ্যক্ষ মো. আব্দুল মান্নান বলেন, নিয়ম মেনেই অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি আব্দুর রহিম বলেন, স্থানীয় বিএনপির একটি পক্ষ কমিটি নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। তাই বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ পরিচিতি সভা বন্ধ করার জন্য বলেন। ফলে পরিচিতি সভাটি বন্ধ করা হয়।
এ বিষযে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো. নুরুল ইসলাম বলেন, মাদরাসার অ্যাডহক কমিটি গঠনে মাদরাসরা অধ্যক্ষ আমার কাছে থেকে অভিভাবক সদস্য করার মনোনয়ন পত্র নিয়েছেন। এরপর কি হয়েছে তা আমার জানা নাই।
চাঁদাবাজি-টেন্ডারবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ২ নেতা বহিষ্কার
ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে ডিএসসিসির প্রশাসক