আগের রাতেই শারজার মাঠে বল হাতে দেখা গিয়েছিল মোস্তাফিজুর রহমানকে। সেখান থেকে মাত্র ২০ ঘণ্টার ব্যবধানে উড়ে এসে দিল্লির হয়ে আইপিএল খেলতে মাঠে নামেন এই বাঁহাতি পেসার। তবে বিশ্রামহীন এই যাত্রার ধকল পেরিয়েও তিনি লড়াই করেছেন যথাসাধ্য। কিন্তু লাভ হয়নি কোনো।
রবিবার দিল্লিকে তাদেরই মাঠে গুজরাট টাইটান্স যেভাবে বিধ্বস্ত করল, তাতে বোঝাই গেল দল হিসেবে কতটা পিছিয়ে পড়েছে অক্ষর প্যাটেলের দল। শুবমান গিল ও সাই সুদর্শনের ব্যাটিং তাণ্ডবে দিল্লিকে হারাল তারা ১০ উইকেটের বিশাল ব্যবধানে। জয় নিশ্চিত করে গুজরাট পৌঁছে গেল আইপিএল ২০২৫ মরশুমের প্লে-অফে। শুধু নিজেরাই নয়, এই জয়ে তারা প্লে-অফে জায়গা নিশ্চিত করে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংসকেও।
এই ম্যাচে দিল্লির কোনো বোলারই নিতে পারেননি একটিও উইকেট। চামিরা-মোস্তাফিজদের নিয়ন্ত্রিত এক-দুই ওভার বাদ দিলে, গুজরাট শুরু থেকেই একতরফা আক্রমণ চালিয়ে গেছে। পাওয়ারপ্লেতে ৬ ওভারে গুজরাট সংগ্রহ করে বিনা উইকেটে ৫৯ রান। সাই সুদর্শন মাত্র ১৩ বলেই তুলে ফেলেন ৩৫ রান, শেষ পর্যন্ত ৫৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। অন্যদিকে, গিল ধীরগতির শুরু করলেও পরের দিকে তিনটি ছক্কা হাঁকিয়ে ৩৩ বলে ফিফটি পূর্ণ করেন।
১৫ ওভার শেষে স্কোর ছিল ১৫৪/০। শেষ চেষ্টা হিসেবে অক্ষর ১৬তম ওভারে আক্রমণে আনেন মোস্তাফিজকে। কিন্তু সাই সুদর্শন সেই ওভারের প্রথম দুই বলেই মেরে দেন দুটি চার। ১৮তম ওভারে কুলদীপকে ছক্কা মেরে নিজের দ্বিতীয় আইপিএল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত আরও একটি ছক্কা মেরে ম্যাচ শেষ করেন এই বাঁহাতি ব্যাটার।
এই হারে দিল্লির পয়েন্ট ১২ ম্যাচে ১৩-তেই আটকে থাকল। এখন প্লে-অফের শেষ টিকিটের জন্য লড়ছে তিন দল — মুম্বাই ইন্ডিয়ান্স (১৪ পয়েন্ট), দিল্লি ক্যাপিটালস (১৩ পয়েন্ট), এবং লখনৌ সুপার জায়ান্টস (১০ পয়েন্ট)।
