কানাডা প্রবাসী বাংলাদেশি অধ্যাপক ড. নাসির উদ্দিন ২০২৫ সালের ইন্সটিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্স (আইইইই) পাওয়ার এবং এনার্জি সোসাইটি কর্তৃক সেরিল ভেইনট ইলেকট্রোমেকানিক্যাল এনার্জি কনভার্সন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
এ বিষয়ে অধ্যাপক নাসির উদ্দিন মুঠোফোনে দেশ রূপান্তরকে বলেন, এটি আমার তথা বাংলাদেশের জন্য একটি বিরল সম্মান। অনেক প্রতিযোগিতার মধ্য দিয়ে এ প্রতিযোগিতায় সফল হওয়া খুবই কষ্টসাধ্য। আমার গবেষণায় নিয়জিত ছাত্র ও পরিবারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি, আমি যেন আমার সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে পারি।
ইলেকট্রোমেকানিকেল এনার্জি কনভার্সন সিস্টেমের গবেষণায় অবদানের জন্য ইন্সটিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্স (আইইইই) পিইস প্রতি বছর সর্বোচ্চ একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে ব্যাপক প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করে।
গত ১২ মে IEEE PES সোসাইটির প্রেসিডেন্ট ড. শে বাহরামিরাড এক ই-মেইল বার্তায় ড. নাসিরকে পুরস্কারের বিষয়টি নিশ্চিত করেন। পুরস্কারটি গ্রহণ করার জন্য ড. নাসিরকে সস্ত্রীক সোসাইটির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।
চলতি বছরের ২৯ জুলাই আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের অষ্টিন সিটিতে আইইইই পিস সোসাইটির সাধারণ সভায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার সংক্রান্ত কমিটির চেয়ারপার্সন ড. ড্যান কাবিন পুরস্কারটি ড. নাসিরের হাতে তুলে দেবেন।
ড. নাসির উদ্দিন কানাডা লেকহেড বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও কম্পিউটার কৌশল বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্বপালন করছেন।
নাসির উদ্দিনের বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের গোহাইলবাড়ি গ্রামে। বাবা আরশেদ আলী মন্ডল। চার বোন ও তিন ভাইয়ের মধ্যে নাসির দ্বিতীয়। স্ত্রী ও একমাত্র মেয়ে নিয়ে তিনি কানাডার অন্টারিওর ব্যারি শহরে থাকেন।
