গাজীপুর মহানগরীর বাসন থানার নাওজোড়ের কড্ডা এলাকায় ইন্টারন্যাশনাল ক্ল্যাসিক কম্পোজিট লিমিটেড (আইসিসি ইন্টারন্যাশনাল) নামের একটি কারখানার শতাধিক শ্রমিক গতকাল সোমবার ফের অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে কী কারণে তাদের এ অসুস্থতা, তা নিশ্চিত করে বলতে পারেননি চিকিৎসকরা।
গতকাল সকালে ওই কারখানায় যোগ দেওয়ার পর থেকেই শ্রমিকরা অসুস্থ হতে থাকেন। তাদের স্থানীয় সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা. সায়েম কবির বলেন, ৮০ জনের মতো শ্রমিককে ইনডোরে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রতিটি রোগী বমি, পেটব্যথা, মাথা ঘোরানো নিয়ে এসেছে। কিছু ক্ষেত্রে শ্বাসকষ্ট নিয়েও আসছে। রোগীরা সবাই সুস্থ আছেন।
গত ১৭ মে একই কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।
