সৌদি আরবে এআই ক্লিনিক

আপডেট : ২১ মে ২০২৫, ০২:৩২ এএম

চিকিৎসক পছন্দ করে সিরিয়াল দিয়ে ক্লিনিকে গিয়ে ডাক্তার দেখানো একটা ঝামেলাই। ডাক্তারের চেম্বারে বসে থাকার বিড়ম্বনাও পড়তে হবে না। এবার নিশ্চিন্তে নিজের চিকিৎসা ভার ছেড়ে দিতে পারেন এআই ডাক্তারের ওপর। বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর চিকিৎসাকেন্দ্র এবার চালু করল সৌদি আরব। সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেওয়া যাবে। চীনের প্রযুক্তির সাহায্যে আলমুসা গোষ্ঠী পরীক্ষামূলকভাবে এই ক্লিনিকটি চালু করেছেন। প্রাথমিক চিকিৎসা এআই দ্বারা হলেও পরবর্তী ধাপে রোগীর চিকিৎসা ঠিকমতো হলো কি না, তা কিন্তু দেখবেন স্বাভাবিক মেধাসম্পন্ন, রক্তমাংসের ডাক্তারই। পুরো ক্লিনিকের রক্ষণাবেক্ষণের জন্য থাকছেন বেশ কয়েকজন কর্মী। অর্থাৎ পুরোপুরি এআই নির্ভর ক্লিনিক না হলেও কিছুটা মানুষের ওপর নির্ভর করতে হচ্ছে।

কাজের ধরন

ক্লিনিকে যাওয়া রোগীর প্রাথমিক পরীক্ষা করবে এআই ডাক্তার। তিনিই  হলেন ডাক্তার হুয়া। প্রয়োজমতো রোগীকে প্রশ্ন করে তার সমস্যার কথা আরও বেশি করে জানবে কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর চিকিৎসক। এরপর আসল ডাক্তারের সঙ্গে আলোচনা করে প্রেসক্রিপশন তৈরি করবে এআই ডাক্তার। রক্তমাংসের চিকিৎসক তা খুঁটিনাটি দেখে তবেই প্রেসক্রিপশনে সই করে স্বাক্ষর দিয়ে রোগীকে দেবেন। এই পদ্ধতিতে কাজ হবে শুধুমাত্র আউটডোরে। জরুরি বিভাগে চিকিৎসার জন্য কোনো এআই ব্যবহার করা হচ্ছে না। কারণ, কৃত্রিম বুদ্ধিমত্তা আপৎকালীন পরিস্থিতি সামলাতে পারবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

বলা হচ্ছে, ১৮ মাসের একটি পাইলট প্রজেক্ট শুরু হলো সৌদি আরবে। সহায়তায় চীনের সিন-ই এআই সংস্থা। সিইও ঝ্যাং শাওদিয়ানের জানান, ‘এতদিন ডাক্তারকে সাহায্য করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এখন আমরা উলটো কাজটা করে দেখতে চাচ্ছি। এখন কৃত্রিম বুদ্ধিমত্তাতেই রোগীর চিকিৎসা হবে। তাতে সাহায্য করবেন স্বাভাবিক মেধাসম্পন্ন চিকিৎসক। প্রযুক্তি-নির্ভর চিকিৎসায় ০.৩ শতাংশ ভুলের আশঙ্কা থাকছে।’ ভাষা নিয়ে সমস্যা হবে না এআই ডাক্তারের? বলা হচ্ছে, বিভিন্ন ভাষায় কথা বলতে সক্ষম করেই তাকে তৈরি করা হয়েছে। এখন দেখার বিষয় এই ক্লিনিক সত্যিই কতটা নির্ভরশীল হয়ে উঠতে পারে। কিংবা বলা যেতে কতটা মানুষের বিকল্প হয়ে উঠতে পারে এআই ক্লিনিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত