জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনা নদীতে নৌকা ডুবে শ্রী সুমন ওরফে বাবু (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২০ মে) উপজেলার চিকাজানি ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ যুবক ওই ইউনিয়নের মাঝিপাড়া এলাকার শ্রী সুরেন বাবুর ছেলে। বাবু পেশায় একজন মাঝি। নৌকা দিয়ে যমুনা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন তিনি।
জানা গেছে, আজ দুপুরে একটি নৌকা নিয়ে ওই যুবক যমুনা নদীতে মাছ ধরতে যায়। নদীর মধ্যে পৌঁছালে বৃষ্টি শুরু হয়। এ সময় তিনি নৌকা নিয়ে তীরে ফিরে আসেন। তীরে নৌকা ভিড়ানোর সময় নদীর পাড় ভেঙে নৌকার ওপর পড়ে যায়। এতে নৌকাটি ডুবে যায় এবং সঙ্গে তিনিও তলিয়ে যান। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে প্রথমে নদীতে খোঁজা-খুঁজি করেন। কিন্তু কোনো সন্ধ্যান না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের ডুবুরী দল আজ সন্ধ্যা পর্যন্ত অভিযান চালান। কিন্তু তার কোনো সন্ধান পাননি। বুধবার (২১ মে) সকাল থেকে উদ্ধার অভিযান আবার শুরু করবে ফায়ার সার্ভিস।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, ‘পুলিশের উপস্থিতিতে ফায়ার সার্ভিসের ডুবুরী দল সন্ধ্যা পর্যন্ত উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। তবে ওই যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি। আগামীকাল আবার উদ্ধার কাজ চলবে।’
