মাসে ২ হাজার টাকা ইন্টার্ন ভাতা পাবেন ফিজিওথেরাপি শিক্ষার্থীরা

•    পরীক্ষার মাধ্যমে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হচ্ছে শিক্ষক
•    শিগগির স্থায়ী ইন্টার্ন ভাতা ও শিক্ষক নিয়োগ
•    সব ধরণের অতিথি শিক্ষক অকার্যকর ঘোষণা 
•    কর্মসূচি প্রত্যাহার

আপডেট : ২১ মে ২০২৫, ০৮:৩১ পিএম

ফিজিওথেরাপি শিক্ষার্থীদের দুটি দাবি মেনে নিয়েছে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)। প্রতিষ্ঠান পরিচালকের ঘোষণা অনুযায়ী, এখন থেকে এই হাসপাতালে ইন্টার্ন করা ফিজিওথেরাপি শিক্ষার্থীরা আপাতত মাসে দুই হাজার টাকা করে ইন্টার্ন ভাতা পাবেন। পাশাপাশি নিটোরে পরিচালিত ব্যাচেলর অব সায়েন্স ইন ফিজিওথেরাপি কোর্সের সব ধরনের অতিথি শিক্ষকদের অকার্যকর ঘোষণা করা হয়েছে। কোর্সের জন্য শিগগির বিজ্ঞপ্তি দিয়ে অস্থায়ীভাবে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

এসব দাবি মেনে নেওয়ায় টানা তিন দিন ধরে করে আসা ক্লাস বর্জন ও নিটোর পরিচালকের কক্ষ অবরুদ্ধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন ফিজিওথেরাপি শিক্ষার্থীরা।

এ ব্যাপারে বাংলাদেশ ফিজিওথেরাপি স্টুডেন্ট ইউনিয়ন-বাপসুর সভাপতি আশিকুর রহমান বলেন, নিটোর পরিচালকের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি অবস্থান কর্মসূচি চলাকালে দুটি দাবি মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন। মেনে নেওয়া দুটি দাবিসহ অন্যান্য দাবিগুলো যত দ্রুত সম্ভব স্থায়ীভাবে সমাধানের অঙ্গীকার করেছেন। ফলে আমরা কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি।

শিক্ষার্থীরা জানান, বুধবার টানা তৃতীয় দিনের মতো নিটোর পরিচালকের কক্ষের সামনে অবস্থান কর্মসূচি চলছিল। এ সময় নিটোর পরিচালক এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। পরিচালক ইন্টার্ন ভাতার ব্যাপারে বলেছেন, এটা স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্ব ও সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু শিক্ষার্থীরা তা মেনে না নিলে পরিচালক হাসপাতাল ফান্ড থেকে আপাতত মাসে ২ হাজার টাকা করে ইন্টার্ন ভাতা দেওয়ার ঘোষণা দেন। পরে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে স্থায়ীভাবে ইন্টার্ন ভাতার ব্যবস্থা করা হবে বলেও জানান।

শিক্ষার্থীরা আরও জানান, এতদিন ফিজিওথেরাপি কোর্স অতিথি শিক্ষক দিয়ে চলছিল। বুধবার শিক্ষার্থীদের দাবির মুখে পুরাতন ও নতুন সব ধরণের অতিথি শিক্ষক অকার্যকর ঘোষণা করা হয়। পরিচালক জানান, নতুন করে সার্কুলার দিয়ে আপাতত পরীক্ষা দিয়ে অস্থায়ীভাবে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পরে পিএসসির মাধ্যমে স্থায়ী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

এর আগে বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছিলেন ফিজিওথেরাপি শিক্ষার্থীরা। দাবিগুলো হলো ফিজিওথেরাপি কোর্সে শিক্ষক সংকট নিরসনে শূন্য পদে শিক্ষক নিয়োগ, ফিজিওথেরাপি বিভাগের ক্লিনিকাল পদে নিয়োগ, হাসপাতালে ফিজিওথেরাপি বিষয়ের ওপর স্নাতকোত্তর কোর্স মাস্টার্স ইন ফিজিওথেরাপি দ্রুত চালু, ইন্টার্ন ফিজিওথেরাপিস্টদের ইন্টার্ন ভাতা ও পর্যাপ্ত ক্লাসরুম ,ফিজিওথেরাপি ল্যাব, ছেলেমেয়েদের পৃথক কমনরুমের ব্যবস্থা করা।

ফিজিওথেরাপি শিক্ষার্থীরা জানান, সরকারিভাবে একমাত্র নিটোরেই ফিজিওথেরাপি কোর্স পরিচালিত হয়ে আসছে। বছরে ৪০ জন করে শিক্ষার্থী ভর্তি করা হয়। এটি চার বছর একাডেমিক ও একবছর ইন্টার্ন কোর্স। এসব শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার জন্য স্থায়ী শিক্ষক আছেন মাত্র একজন ও আটজন অতিথি শিক্ষক। শিক্ষার্থীদের মেডিকেলের বেসিক সাবজেক্টের ক্লাস হয় জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতালে এবং শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে। নিটোরে ক্লাস হয় ফিজিওথেরাপি বিষয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত