নুরকে নিয়ে ডিএনসিসির মন্তব্য, প্রতিবাদ জানাল গণ অধিকার পরিষদ

আপডেট : ২১ মে ২০২৫, ০৯:২১ পিএম

পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনের সামনে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল ডিএনসিসি কর্তৃপক্ষ। বুধবার ডিএনসিসির এই বিবৃতির প্রতিবাদ জানিয়েছে গণ অধিকার পরিষদ।

বিবৃতিতে বলা হয়, ডিএনসিসির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি গণ অধিকার পরিষদের নজরে এসেছে। এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য হলো, ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ নিষিদ্ধঘোষিত সংগঠন হিজবুত তাহরীর নেতা ও জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হওয়ার স্পষ্ট তথ্য-প্রমাণের পর প্রশাসকের মতো গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন না।

এতে আরও উল্লেখ করা হয়, মোহাম্মদ এজাজের হিযবুত তাহরীর ও জঙ্গিবাদের কার্যক্রমে যুক্ত থাকা ও একই অভিযোগে ২০১৫ সালে গ্রেফতার হওয়ার বিষয়টি সম্প্রতি আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্টে উঠে এসেছে। যে কারণে সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই মোহাম্মদ এজাজকে প্রশাসক পদ থেকে অপসারণ ও গ্রেফতারের দাবিতে ঢাকা মহানগর উত্তর গণ অধিকার পরিষদ কর্পোরেশনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে ৪৮ ঘণ্টা আল্টিমেটাম প্রদান করে। যেখানে গণঅধিকার পরিষদ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমর্থন জানায়। 

বিবৃতিতে বলা হয়, তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তাদের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, নুরুল হক নুরের পছন্দের ঠিকাদারকে কাজ না দেয়ায় গণ অধিকার পরিষদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সামনে বিশৃঙ্খলা করেছে। যা একেবারে অসত্য, ভিত্তিহীন ও বানোয়াট। বরং দরপত্রে অংশগ্রহণ করে সর্বোচ্চ দরদাতা হয়েও গণ অধিকার পরিষদের একজন সদস্যকে কমিশন ব্যতীত কাজ না দেয়ার প্রেক্ষিতে প্রশাসক মোহাম্মদ এজাজকে অবহিত করা হলে, তিনি বিষয়টি সম্পর্কে অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে অবহিত করতে বলেন। মোহাম্মদ এজাজের পরামর্শেই নুরুল হক নুর তাকে বিষয়টি জানান। ইতোপূর্বে গাবতলী পশুর হাটসহ কয়েকটি বিষয় গণমাধ্যমেও উঠে এসেছে, কমিশন ও পছন্দের লোক ব্যতীত ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ অন্য কাউকে কোন কাজ প্রদান করে না। 

মূলত নিজের অভিযোগ আড়াল করে অন্যত্র জনদৃষ্টি ঘোরাতেই মোহাম্মদ এজাজ গণ অধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে এমন মিথ্যা ও বিভ্রান্তিকর বার্তা ছড়াচ্ছে বলে বিবৃতিতে অভিযোগ করা হয়। এমনকি গণ অধিকার পরিষদের গত কালকের বিক্ষোভ কর্মসূচি স্থগিত করার জন্য নিজের মামাসহ বেশ কয়েকজনকে পাঠিয়ে আর্থিক অফারের মাধ্যমে সমঝোতা করতে চাওয়ার পরেও গণ অধিকার পরিষদের কর্মসূচি স্থগিত করা হয়নি বলে জানানো হয় বিবৃতিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত