ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িতদের বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আজ বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল বুধবার ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি অনুযায়ী আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শাহবাগ মোড় ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাংলা একাডেমিসংলগ্ন স্থানে কতিপয় সন্ত্রাসীর ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য নির্মম হত্যাকা-ের শিকার হয়েছেন। উক্ত হত্যামামলার তদন্তে গাফিলতির প্রতিবাদ এবং হত্যাকা-ে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে গ্রেপ্তার, সুষ্ঠু বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ছাত্রদলের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শাহবাগ মোড় ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে।
প্রক্টর অফিস ঘেরাও করে বিক্ষোভ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িত সব সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার দায় স্বীকার করে প্রক্টরের পদত্যাগ এবং নিরাপদ ক্যাম্পাস নির্মাণে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে প্রক্টর অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে ছাত্রদল ও বামপন্থি ছাত্রসংগঠনগুলো। গতকাল বুধবার বেলা পৌনে ৩টায় ‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থী’র ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
বিক্ষোভ সমাবেশে ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা আবিদুর রহমান মিশু বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর হত্যাকা-ের পর ক্লাস-পরীক্ষা চালু রেখেছে। অর্ধদিবস শোক পালন করে রসিকতা করেছে। সাম্য হত্যার প্রকৃত খুনিরা এখনো গ্রেপ্তার হয়েছে কি না ভিসি প্রক্টররা জানে না।
তিনি বলেন, সাম্য হত্যার পরে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কী কী করেছে তার জবাবদিহিতা করতে হবে এবং ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করতে হবে।
