কুমিল্লায় প্রহরীর কক্ষ থেকে বিদেশি পিস্তল উদ্ধার

আপডেট : ২২ মে ২০২৫, ০৮:৫৪ পিএম

কুমিল্লা নগরীর একটি বহুতল ভবনের নিরাপত্তার প্রহরীর কক্ষ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী। তবে পিস্তলের মালিক সরকার মুস্তাফিজুর রহমান ওরফে ওয়াফিকে গ্রেপ্তার করেতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার সন্ধ্যায় সেনাবাহিনী ও র‌্যাব অভিযান চালিয়ে পিস্তল ও গুলি উদ্ধার করে।  

অস্ত্র উদ্ধারের পর থেকে ওয়াফি ও তার সহযোগীদের খুঁজছেন আইনশৃঙ্খলা বাহিনী। ওয়াফি ওই ভবনেরই বাসিন্দা। তার বাবার নাম এএসএম মোহসিন সরকার। 

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদে ওই ভবনের নিরাপত্তারক্ষী হাফিজ আহমেদ জানিয়েছেন, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজিউর রহমান রাজিবের ভাতিজা সরকার মুস্তাফিজুর রহমান ওরফে ওয়াফি (২৪) পিস্তলটি রেখে পালিয়ে যান। তার সঙ্গে আরও দুইজন সহযোগী ছিলেন বলে জানান প্রহরী। 

বাহিনীর সদস্যরা আরও জানান, চলতি বছরের ৫ আগস্টের আগে ওয়াফি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এরপর থেকে তিনি নিয়মিত গোল্ডেন টাওয়ারের ছাদে থাকতেন এবং সেখানে মাদক সেবন করতেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা রাজিউর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, যৌথ বাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত