যুদ্ধজাহাজ উদ্বোধনে দুর্ঘটনায় শাস্তির হুমকি কিমের

আপডেট : ২৩ মে ২০২৫, ১২:১৯ এএম

উত্তর কোরিয়ায় নতুন একটি যুদ্ধজাহাজ পানিতে ভাসানোর সময় গুরুতর দুর্ঘটনায় পড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দেশটির শীর্ষ নেতা কিম জং উন। বৃহস্পতিবারের এ ঘটনাকে অপরাধ অ্যাখ্যা দিয়ে জাহাজ তৈরি ও পরিচালনার সঙ্গে জড়িত সবাইকে শাস্তির আওতায় আনার হুমকি দিয়েছেন তিনি।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, পূর্বাঞ্চলীয় বন্দরনগরী চংজিনের জাহাজ নির্মাণ কারখানায় পাঁচ হাজার টনের একটি ডেস্ট্রয়ার উদ্বোধনে উপস্থিতি ছিলেন কিম। তবে অকস্মাৎ তলা খসে গেলে জাহাজটি ভারসাম্য হারিয়ে ফেলে।

এ দুর্ঘটনার জন্য জাহাজটির নকশার সঙ্গে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার ঘোষণা দিয়ে কিম জং উন বলেন, এই ঘটনা আমাদের জাতীয় মর্যাদা ও অহংকারকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আগামী মাসে দলের প্লেনারি বৈঠকে বিষয়টি উত্থাপিত হবে এবং সেখানে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। যুদ্ধজাহাজটিকে দেশের নৌবাহিনীর আধুনিকায়নে ‘ব্রেক থ্রু’ অ্যাখ্যা দিয়েছিলেন কিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত