দেশে চলমান বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতে সর্বদলীয় বৈঠক ডাকার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল বৃহস্পতিবার দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ কর্তৃক গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় তিনি এ আহ্বান জানান।
এতে বলা হয়, গতকাল বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। বৈঠকে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে একটি সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানান।
স্পর্শকাতর বিষয় এড়িয়ে চলার আহ্বান : এর আগে গতকাল দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে চলার আহ্বান জানান ডা. শফিকুর রহমান।
পোস্টে জামায়াত আমির লেখেন, জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো আসুন সবাই এড়িয়ে চলি। সংকট উত্তরণে ইতিবাচক ভূমিকা কেবল জাতিকে উপকৃত করবে। নেতিবাচক ভূমিকা কখনোই কল্যাণ বয়ে আনে না।
তবে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয় বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট করেননি ফেসবুক স্ট্যাটাসে। এ বিষয়ে জানতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি।
