বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় মন্তব্য করেছেন, সীমান্তে মানবিক করিডর দেওয়ার মাধ্যমে অস্ত্র চালানের রুট হবে। করিডরের মাধ্যমে অস্ত্র যাবে। আরাকান আর্মিরা শক্তিশালী হবে। আমাদের স্বাধীনতা হুমকিতে পড়বে। হাসিনার সময় তো এমন করিডরের কথা আসেনি। তাহলে সংশয় আছে। তবে আমরা সন্দেহ করতে চাই না।
গতকাল বৃহস্পতিবার বিকেলে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে খুলনা বিভাগীয় বিএনপির উদ্যোগে বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বিএনপির এ নেতা ।
গয়েশ্বরচন্দ্র রায় বলেন, নির্বাচিত জাতীয় সংসদ ছাড়া সংবিধান সংশোধন করা সম্ভব নয়। সংবিধানের জনবিরোধী ধারা নির্বাচিত সংসদের মাধ্যমে সংশোধন করতে হবে। দেশের মানুষ গণতন্ত্র চায়, তারা কথা বলতে চায়। ১৭ বছর যা ছিল তা গণতন্ত্র বলা যায় না, ফ্যাসিবাদের উদাহরণ হয়েছে। স্বৈরতন্ত্রের চেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে। সুতরাং একটি সুষ্ঠু গণতান্ত্রিক অবাধ নির্বাচন সমস্যার সমাধান করতে পারবে। গণতান্ত্রিক ধারাই সব সংস্কার কাজ করতে পারবে। নির্বাচনের মাধ্যমে যে সংসদ হবে, তারাই ইউনূস সাহেবের সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে।
বিএনপি নেতা বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে যেমন ঐক্যবদ্ধ ছিলাম। তেমনটি এখন নেই। কেউ বলছে সংস্কার, কেউ বলছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন। আগামী নির্বাচনে আগে আমাদের কঠিন সময় পার করতে হবে। সদস্যপদ সংগ্রহ ও নবায়নের মাধ্যমে এ কার্যক্রম এগিয়ে নিতে হবে।
