যাদের রক্তে ক্ষমতায় তাদের তালিকা সরকারের কাছে নেই কেন, প্রশ্ন রিজভীর

আপডেট : ২৩ মে ২০২৫, ০৪:৫৬ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই-আগস্টের শহীদের রক্তের উপর আজকের সরকার দেশ পরিচালনা এবং আমরা রাজনীতি করার সুযোগ পেয়েছি। সেই শহীদদের তালিকা অন্তর্বর্তী সরকারের কাছে নেই কেন?  

শুক্রবার (২৩ মে) দুপুরে নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া এলাকার জুলাইয়ে  ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ আরমানের পরিবারের লোকজনের সাথে সাক্ষাৎকালে সাংবাদিকদের সাথে এ কথা বলেন। 

তিনি বলেন, আজকে যারা জুলাই আন্দোলনের সুফল পাচ্ছেন, যারা উপদেষ্টাসহ বড় বড় পদ পাচ্ছেন এমনকি রাজনৈতিক দল গড়ে তুলছেন তারা শহীদদের পরিবারের আরও বেশি খোঁজ নেওয়া উচিত ছিল। কিন্তু তারা তা না করে এতো কাজের ফিরিস্তি তুলে ধরছেন। 

রিজভী বলেন, বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্র জুলাই-আগস্টে শহীদ এবং আহতদের সকলের পরিবারের দায়িত্ব নেবে।

পরে জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবারের পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় শহীদ আরমান মোল্লার পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি তাদের সর্বোচ্চ লেখাপড়ার দায়িত্বভার গ্রহণ করা হয়। 

এসময় আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আবুল কাশেম, সদস্য সচিব মোখলেসুর রহমান মিথুন, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রশিদসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত