বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দায়ের করে হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক তিন চেয়ারম্যান ও এক মহাপরিচালকের বিরুদ্ধে বগুড়ায় আদালতে মামলা করা হয়েছে। শুক্রবার (২৩ মে) সকালে মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল ওহাব বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে মামলাটি (নম্বর- ১৪৭২ সি/২০২৫) দায়ের করেন আতিকুর রহমান। আতিকুর জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলার চাঁদপুর গ্রামের বুলবুল আহম্মেদের ছেলে।
জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে দায়ের হওয়া মামলার অভিযুক্তরা হলেন- দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী, মো. হাবিবুর রহমান, আবুল হাসান মনজুর এবং সাবেক মহাপরিচালক জিয়াউদ্দীন আহম্মেদ। এ ছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে খালেদা জিয়া ও তারেক রহমানকে হয়রানি করতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি ‘মিথ্যা’ ভাবে দায়ের করেছিলেন তৎকালীন দুদক কর্মকর্তারা।
মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল ওহাব বলেন, সরকারি ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করতে এই মামলা দায়ের করা হয়, যা আইন বিরুদ্ধ। এটি ছিল সম্পূর্ণ প্রতিহিংসামূলক ও উদ্দেশ্যপ্রণোদিত। দুদকের কর্মকর্তারাও এতে অনৈতিকভাবে সায় দিয়েছেন। তাই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মামলাটি করা হয়েছে।
দেড়শ লোক নিয়ে এনসিপি ইসির পদত্যাগের জন্য সমাবেশ করেছে: ফারুক
পদত্যাগ করছেন না ড. ইউনূস, জানালেন বিশেষ সহকারী