বোয়ালমারীতে থ্রি-হুইলারের ধাক্কায় রাজমিস্ত্রি নিহত

আপডেট : ২৩ মে ২০২৫, ০৬:৫৭ পিএম

ফরিদপুরের বোয়ালমারীতে ইটবোঝাইকৃত থ্রি-হুইলারের (খেক্কর) ধাক্কায় রাকিব শেখ (২৩) নামে এক রাজমিস্ত্রি নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থ্রি-হুইলার গাড়িটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে বলে জানা গেছে। 

শুক্রবার (২৩ মে) দুপুরে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে বোয়ালমারী-মহম্মদপুর সড়কের ময়না ইউনিয়নের ঠাকুরপুর ব্রিজ সংলগ্ন এলাকায় থ্রি-হুইলার একটি অটোভ্যানকে ধাক্কা দিলে রাকিব শেখ মাথায় আঘাত পেয়ে মারাত্মক আহত হয়েছেন।

পরে ফরিদপুর মেডিক্যাল থেকে ঢাকায় নেওয়ার পথে বেলা সাড়ে ১১টার দিকে পদ্মা সেতু এলাকায় তিনি মারা যান। 

নিহত রাকিব শেখ উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামের আকছেদ শেখের ছেলে। তার আড়াই বছরের আবু রায়হান নামে একটি শিশু সন্তান রয়েছে। 

এ ব্যাপারে ময়না ইউপি চেয়ারম্যান আব্দুল হক মৃধা বলেন, খেক্কর আর ভ্যান সংঘর্ষে ময়না গ্রামের রাকিব নামে এক রাজমিস্ত্রি আহত হলে তাকে ঢাকায় নেওয়ার পথেই তিনি মারা যান।  

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, আজ সকালে ঠাকুরপুর ব্রিজের কাছে ইটবোঝাইকৃত একটি খেক্করের সাথে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ভ্যানের যাত্রী রাকিব নামের একজন আহত হয়েছেন। পরে জানতে পেরেছি তাকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় থ্রি-হুইলারটিকে থানায় আনা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত