গ্যাস লিকেজ থেকে আগুন

আফতাবনগরের সেই পরিবারের আরও ১ জনের মৃত্যু

আপডেট : ২৩ মে ২০২৫, ১০:০১ পিএম

রাজধানীর আফতাবনগরে গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের ৫ জন দগ্ধের ঘটনায় মিথিলা (৮) নামে শিশুটি মারা গেছে। এ নিয়ে মারা গেলেন পরিবারটির ৪ জন। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মিথিলা।

এর আগে মারা যান শিশুটির বাবা তোফাজ্জল (৩৫), মা মানসুরা (২৮) ও বোন তানজিলা (৪)।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, মিথিলার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। সাথে শ্বাসনালীও পুড়ে গিয়েছিল। হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছিল তাকে। সেখানেই শুক্রবার রাতে মারা গেছে সে। এই ঘটনায় তার বোন তানিশা (১১) ৩০ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

এর আগে, ১৬ মে রাত সাড়ে ১১টার দিকে আফতাবনগরে দক্ষিণ আনন্দনগর এলাকায় একটি তিন তলা বাসার নিচ তলায় এক বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ হন তোফাজ্জল হোসেন (৩৫), তার স্ত্রী মানসুরা (২৮), তিন মেয়ে তানিশা (১১), মিথিলা (৮) ও তানজিলা (৪)।
 
তোফাজ্জলের মেয়ের জামাই মো. রিপন জানান, ওই বাসাটির পাশে একটি ভবন নির্মাণের কাজ চলছে। সেখানে খুঁড়াখুঁড়ি কাজের সময় গ্যাস লাইনের লিকেজ হয়। সেখান থেকে গ্যাস বের হতে থাকে। ঘটনার সেদিন সকালে বিষয়টি বাড়িওয়ালাকে জানান হয়। তবে তিনি কোনো ব্যবস্থা নেননি। পরবর্তীতে সেদিন রাতে যখন বাসায় মশার কয়েল জ্বালাচ্ছিলেন, তখনই বিস্ফোরণ হয়। এতে পরিবারটির ৫ জন দগ্ধ হয়।

তোফাজ্জল পেশায় একজন দিনমজুর। ৪ কন্যা সন্তানের জনক তিনি। ঘটনাটিতে স্বামী-স্ত্রীসহ তার ছোট ৩ মেয়েই দগ্ধ হয়েছে। স্বামীর বাড়িতে থাকায় ভাগ্যক্রমে আগুনের হাত থেকে বেঁচে গেছেন বড় মেয়ে। তাদের গ্রামের বাড়ি ঠাকুরগাও সদরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত