চালককে খুন করে সিএনজি অটো ছিনতাই : গ্রেপ্তার ৫

আপডেট : ২৪ মে ২০২৫, ০৭:৩০ এএম

রাজধানীর পল্লবীতে হাতুড়ি দিয়ে পিটিয়ে সিএনজিচালিত অটোরিকশার চালককে হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। খোয়া যাওয়া অটোরিকশাটি উদ্ধারের পর র‌্যাব বলছে, ব্রাহ্মণবাড়িয়ায় পরিকল্পনা করে অটোরিকশা ছিনতাইয়ের জন্য ঢাকায়  এসেছিল তারা। সে অনুযায়ী যাত্রী সেজে ভাড়ায় উঠে একপর্যায় চালককে খুন করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

গত ১৬ মে মিরপুর ডিওএইচএসের ৪ নম্বর গেট সংলগ্ন এলাকায় একটি অজ্ঞাত লাশ পাওয়া যায়। পরে জানা যায়, অজ্ঞাত লাশটি অটোরিকশাচালক আব্দুল অজিদ বাচ্চুর। তদন্তে নেমে ঘটনার ৫ দিন পর গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা থেকে খুন ও ছিনতাইয়ে সংশ্লিষ্ট অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলো : সৌরভ সরকার (২০), ইয়াছিন মিয়া (২০), মুসা (২৫), দুলাল মিয়া (৩২) ও শাহজালাল (২৬)।

গতকাল শুক্রবার র‌্যাব-৪ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম বলেন, “মুসা, সৌরভ ও ইয়াছিন বন্ধু এবং তারা ছোটখাটো চুরি-ছিনতাইয়ে জড়িত। ব্রাহ্মণবাড়িয়ার এই তিন বাসিন্দা একটি অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করে। সে অনুযায়ী গত ১৫ মে সন্ধ্যায় সৌরভ এবং ইয়াছিন আগারগাঁওয়ে এসে মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করে একটি উপযুক্ত টার্গেট খোঁজার চেষ্টা করে। রাত ৩টার দিকে সৌরভ শ্যামলী ইবনে সিনা হাসপাতালের সামনে থেকে আব্দুল অজিদের অটোরিকশাটি ভাড়া করে। পরে গাড়িটি নিয়ে তারা ৬০ ফুট পানির ট্যাংকির সামনে আগে থেকে অপেক্ষমাণ ইয়াছিনকে নিতে আসে। তারা চালককে সিএনজিটি ঘোরাতে বলে। চালক নেমে সিএনজি ঘোরাতে গেলে চালকের মাথার পেছনে আঘাত করে এবং মুসার পরামর্শে মৃত্যু নিশ্চিত করে। এরপর একজন অটোরিকশাটি চালাতে শুরু করে এবং লাশটি ‘উপযুক্ত’ জায়গায় ফেলতে ঢাকার বিভিন্ন এলাকা ঘুরতে থাকে। একপর্যায়ে ডিওএইচএসের ৪ নম্বর অবকাশ ক্যান্টিনের দক্ষিণ পাশে সিরামিক প্রাচীরের পাশে লাশটি ফেলে সাভারে পালিয়ে যায়।”

সেখানে তারা সিএনজিটি পরিষ্কার করে সন্ধ্যার দিকে তিনজনে মিলে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা দেয় জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম বলেন, পূর্বাচল পার হওয়ার পরে চোরাই সিএনজি বেচাকেনা চক্রের নেতা আল আমিনের সহযোগী শাহজালাল ও দুলাল এসে সিএনজিটিতে উঠে এবং সবাই মিলে ব্রাহ্মণবাড়িয়ায় চলে যায়। পরদিন আল আমিন এসে শাহজালাল ও দুলালের সহায়তায় ৪৫ হাজার টাকায় অটোরিকশাটি কিনে কুমিল্লার দেবিদ্বারে নিয়ে যান। সেখানে গাড়িটির রঙ ও কভার পরিবর্তন করার জন্য একটি ওয়ার্কশপে দেন। সেখান থেকেই অটোরিকশাটি উদ্ধার করা হয়।

সাভারে রঙমিস্ত্রি শাহীন হত্যায় গ্রেপ্তার একজন : সাভারের তালবাগ এলাকায় প্রকাশ্যে মাথায় গুলি করে রঙমিস্ত্রি শাহীন হত্যার ঘটনায় প্রধান আসামি মো. মেহেদী হাসানকে (৬৪) বিদেশি রিভলবার ও ১৭টি গুলিসহ গ্রেপ্তারের কথাও একই সংবাদ সম্মেলনে জানিয়েছেন র‌্যাব ৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম। গত ১৯ মে রঙমিস্ত্রি শাহিনকে (৩০) ‘কথা কাটাকাটির জেরে’ গুলি করেন মেহেদী হাসান, মাথায় গুলিবিদ্ধ শাহীন ঘটনাস্থলেই সে মারা যান। গত বৃহস্পতিবার রাতে গাজীপুরের গাছা থানাধীন তারগাছ এলাকা থেকে মেহেদীকে গ্রেপ্তার করা হয়। মেহেদী পেশায় একজন জমির দালাল। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানায় র‌্যাবের এই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত