ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুবমান গিল

আপডেট : ২৪ মে ২০২৫, ০৪:০১ পিএম

গুঞ্জনই শেষ পর্যন্ত সত্যিতে পরিণত হলো। রোহিত শর্মার জায়গায় ভারতের টেস্ট দলের অধিনায়কত্বের দায়িত্ব পেলেন তরুণ ব্যাটার শুবমান গিল। একইসঙ্গে আসন্ন ইংল্যান্ড সফরের দলও ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। লাল বলের ক্রিকেট থেকে রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবসর নেওয়ার পর প্রথমবার কোনো টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে ভারত।

২৫ বছর বয়সী শুবমান হলেন ভারতের ৩৭তম টেস্ট অধিনায়ক। একইসঙ্গে তিনি ভারতের পঞ্চম কনিষ্ঠ টেস্ট অধিনায়ক হয়েছেন। তার চেয়ে কম বয়সে টেস্ট অধিনায়ক হয়েছিলেন মনসুর আলি খান পাদৌতি, শচীন টেন্ডুলকার, কপিল দেব ও রবি শাস্ত্রী। সীমিত ওভারের ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে গিলের। তবে লাল বলে ঘরোয়া ক্রিকেটেও খুব বেশি অধিনায়কত্ব করেননি। রঞ্জি ট্রফিতে মাত্র পাঁচ ম্যাচে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে।

ওপেনার হিসাবে দলে আছেন যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুল। সেই সঙ্গে অভিমন্যু ঈশ্বরণ এবং সাই সুদর্শনকে দলে নেওয়া হয়েছে। ফলে রাহুলকে প্রয়োজনে মিডল অর্ডারে খেলানো হতে পারে। তিন নম্বরে আছেন শুবমান গিল। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে দলে জায়গা করে নিয়েছেন করুণ নায়ার। উইকেটরক্ষক হিসাবে দলে আছেন রিশাভ পান্ত। বাড়তি উইকেটকিপার হিসেবে আছেন ধ্রুব জুরেল।

মিডল অর্ডারে দলকে ভরসা দেওয়ার জন্য আছেন ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, রবীন্দ্র জাদেজার মতো ক্রিকেটারেরা। পেস আক্রমণের নেতৃত্বে যথারীতি জসপ্রিত বুমরা। তবে চোট থেকে সেরে ওঠা এই পেসার সিরিজের পাঁচ ম্যাচ নাও খেলতে পারেন বলে শোনা যাচ্ছে। তার সঙ্গী হিসেবে দলে আছেন মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ এবং অর্শদীপ সিং। স্পিন বিভাগ সামলানোর জন্য আছেন কুলদীপ যাদব।

আর্শদীপ সিংয়ের অন্তর্ভুক্তি সম্পর্কে ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকার বলেছেন, 'সে একজন মানসম্পন্ন বোলার এবং কাউন্টি খেলার অভিজ্ঞতা আছে। যখনই সুযোগ থাকে তখনই সে ঘরোয়া ক্রিকেট খেলে। লম্বা গড়নের ছেলে, নতুন বলে বল করতে পারে, লাল বলের ক্রিকেটে তার শারীরিক গঠন ভালো এবং গত কয়েক বছরে সাম্প্রতিক ফর্মে আছে। বুমরার পাঁচ টেস্ট খেলার সম্ভাবনা কম এবং আমাদের একটু বৈচিত্র্যের প্রয়োজন ছিল।'

আগামী ২০ জুন লিডসে শুরু হবে প্রথম টেস্ট। ম্যাঞ্চেস্টারে ২ জুলাই থেকে দ্বিতীয় টেস্ট। এরপর ক্রিকেটের তীর্থ লর্ডসে তৃতীয় টেস্ট শুরু হবে ১০ জুলাই থেকে। ২৩ জুলাই থেকে ম্যাঞ্চেস্টারে শুরু চতুর্থ টেস্ট। পঞ্চম তথা শেষ টেস্ট হবে লন্ডনের ওভালে, ৩১ জুলাই থেকে। এর আগে তার আগে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দু’টি আনঅফিসিয়াল টেস্ট খেলবে ভারত। এছাড়া নিজেরা দুই ভাগে ভাগ হয়েও অনুশীলন করবে।

ভারতীয় দল: শুবমান গিল (অধিনায়ক), রিশাভ পান্ত (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতিশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, আর্শদীপ সিং এবং কুলদীপ যাদব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত