সাভারের হেমায়েতপুর এলাকায় ৬ তলা ভবনের ভাড়া কক্ষের জানালার গ্রীলে ঝুলন্ত অবস্থায় রেখা পারভীন নামে এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী সোহেল রানা পলাতক রয়েছেন।
শনিবার (২৪ মে) দুপুরে সাভারের হেমায়েতপুরে নতুন পাড়া এলাকার জালাল টাওয়ারের ৬ষ্ঠ তলার একটি কক্ষ থেকে নিহতের লাশটি উদ্ধার করা হয়েছে।
নিহত রেখা পারভিন (২২) ঠাকুরগাও জেলার হরিপুর থানার মন্নাটুলী গ্রামের সাইফুদ্দিন আহমেদের মেয়ে। তিনি সাভারের হেমায়েতপুরের পূর্বহাটি নতুনপাড়া মহল্লার জালাল উদ্দিনের মালিকানাধীন জালাল টাওয়ারের ৬ তলায় স্বামীর সঙ্গে ভাড়া থেকে স্থানীয় হ্যাভেন ফ্যাশন কারখানায় চাকরি করতেন।
পুলিশ জানায়, সকালে রুমের দরজা খোলা থাকায় ভেতরে গিয়ে জানালার সঙ্গে নারী শ্রমিকের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে প্রতিবেশীরা ৯৯৯ ফোন করে বিষয়টি পুলিশকে জানান। পরে ট্যানারি ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
স্থানীয়রা জানান, মাঝে মাঝেই তাদের মধ্যে পারিবারিক কলহের জেরে ঝগড়া-বিবাদ হতো। এছাড়া সকাল থেকেই নিহতের স্বামী সোহেল রানা পলাতক থাকায় বিষয়টি সন্দেহজনক মনে হচ্ছে। অনেকেই ধারণা করছেন তাকে হত্যা করে জানালার সাথে ঝুলিয়ে রাখা হতে পারে।
সাভার হেমায়েতপুর ট্যানারি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখি মৃতদেহটি তাদের ঘরের জানালার গ্রিলে রশিতে ঝুলছে। এসময় নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। তবে এটা হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্ত রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।
বৈঠকে অংশ নিতে যমুনায় এনসিপি নেতারা
বিদেশে যাওয়ার টাকা নিয়ে কথা কাটাকাটি, বড় ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত