ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে স্থানীয় সরকারি নজরুল একাডেমি মাঠে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন। অপর দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দুদিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ উপলক্ষে ত্রিশাল ও বিশ্ববিদ্যালয় এলাকায় সাজসাজ রব বিরাজ করছে।
জাতীয় কবির শৈশব স্মৃতিবিজড়িত দরিরামপুর হাইস্কুল (বর্তমান সরকারি নজরুল একাডেমি)-কে কেন্দ্র করেই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা তিনদিনব্যাপী অনুষ্ঠান উদযাপন শুরু হবে। আজ রবিবার বিকেল ৩টায় নজরুল মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
দ্বিতীয় দিন সোমবার বিকেল ৩টায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ।
অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও নাট্যকার শাকুর মজিদ।
সমাপনী দিন মঙ্গলবার বিকেল ৩টায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অপর দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রবিবার বেলা সোয়া ১১টায় গাহি সাম্যের গান মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ।
দ্বিতীয় দিন অর্থাৎ সমাপনী দিন সোমবার বিকেল ৪টায় গাহি সাম্যের গান মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. সি.আর. আবরার।
