খসড়া প্রত্যাহার না হলে কাজে ফিরবে না সচিবালয় কর্মচারীরা: বাদিউল কবীর

আপডেট : ২৫ মে ২০২৫, ০১:১০ পিএম

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া পুরোপুরি প্রত্যাহার না হওয়া পর্যন্ত সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে ফিরবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর।

আজ রবিবার সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ কর্মসূচি চলাকালে এই ঘোষণা দেন তিনি।

২০১৮ সালের সরকারি চাকরি আইন সংশোধনের লক্ষ্যে তৈরি ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাদের অভিযোগ, নতুন এই খসড়ায় এমন কিছু বিধান যুক্ত করা হয়েছে, যার আওতায় শৃঙ্খলা ভঙ্গ, দায়িত্বে অবহেলা, অননুমোদিত অনুপস্থিতি, দায়িত্ব পালনে গাফিলতি বা উসকানির অভিযোগে কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই চাকরিচ্যুতি ঘটানো সম্ভব।

গত ২২ মে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়াটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। তবে বিষয়টি পর্যালোচনার জন্য চারজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংযুক্ত পরিষদের নেতারা জানিয়েছেন, খসড়াটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি না মানা হলে আগামী দিনে সচিবালয় অচল করে দেওয়ার মতো কঠোর কর্মসূচি নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত