ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে বাবা-মায়ের মৃত্যু

আপডেট : ২৫ মে ২০২৫, ০৪:২০ পিএম

নেত্রকোনার পূর্বধলায় কাভার্ড ভ্যানচাপায় এক দম্পতি নিহত হয়েছেন। শনিবার (২৪ মে) রাত ৮টার দিকে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কে পাবই শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন, উপজেলা ছোছাউড়া গ্রামের নিজাম উদ্দিন (৫৪) ও তার স্ত্রী রোকেয়া বেগম (৪২)।

জানা গেছে, নিজাম উদ্দিন নিজে অটোরিকশা চালিয়ে স্ত্রী, মেয়ে ও শ্যালককে নিয়ে উপজেলার ফাজিলপুর বাজারের পাশেই ছেলের জন্য পাত্রী দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে রাত ৮টার দিকে পাবই শেখপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিজাম উদ্দিন ও তার স্ত্রী মারা যান। অন্য দুইজন আহত হন। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে আটক করেছে স্থানীয়রা।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম বলেন, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত