রাতেই আবার শুরু হচ্ছে হামজাদের ম্যাচের টিকিট বিক্রি

আপডেট : ২৬ মে ২০২৫, ০৩:৫১ পিএম

আগামী ১০ জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। জাতীয় দলের মধ্যমাঠে ব্রিটিশ-বাঙালি ফুটবলার হামজা চৌধুরীর আগমন ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ যেন আকাশছোঁয়া। গ্যালারির টিকিট নিয়ে সেই উত্তেজনায় যুক্ত হয়েছে নতুন মাত্রা। তবে কিছুটা ধাক্কা খেয়েছে টিকিট বিক্রির কার্যক্রমে।

আজ সোমবার সকালে পল্টন ময়দানে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত কুল-মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এসব প্রসঙ্গে খোলামেলা কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।

তিনি জানান, গত শনিবার রাত ৮টার পর বাফুফের টিকিটিং পার্টনার ‘টিকিফাই’ বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি শুরু করে। কিন্তু শুরুতেই সাইবার হামলার কবলে পড়ে সার্ভার। ঘণ্টা তিনেকের মধ্যেই বন্ধ হয়ে যায় অনলাইন সেবা।

তাবিথ আউয়াল বলেন, ‘বাফুফে সবসময় নতুন কিছু করার চেষ্টা করে। ভুল-ত্রুটি হতেই পারে, আমরা সেটি মেনে নিচ্ছি। দু’টি আইপি অ্যাড্রেস থেকে সাইবার আক্রমণ হয়েছে। ফলে সার্ভার ডাউন ছিল। আজ রাত ১০টা থেকে সীমিত পরিসরে হলেও ফের চালু হবে টিকিট বিক্রি। টিকিট সংগ্রহ থেকে স্টেডিয়ামে প্রবেশ পর্যন্ত আমরা নজরদারি রাখব।’

জাতীয় স্টেডিয়ামে সাধারণ গ্যালারির আসন সংখ্যা ১৮ হাজার ৩০০। ক্লাব হাউস ও ভিআইপি মিলিয়ে মোট আসন প্রায় ২২ হাজার। তবে চাহিদা তার বহু গুণ বেশি। বিষয়টি স্বীকার করে নিয়ে বাফুফে সভাপতি বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও সত্য, অনেক সমর্থকই হয়তো স্টেডিয়ামে ঢুকতে পারবেন না। তাই আটটি বিভাগীয় শহরে ফ্যান জোন তৈরি করা হচ্ছে। ব্যক্তিগত উদ্যোগেও অনেক জায়গায় এমন আয়োজন হচ্ছে।’

হামজার আগমনে দেশের ফুটবলে যে হঠাৎ জোয়ার এসেছে, সেটি বাফুফের দীর্ঘমেয়াদি পরিকল্পনারই অংশ বলে মনে করেন তাবিথ। ‘জাতীয় দলের পাশাপাশি নারী ফুটবল, কোচিং, রেফারি, টেকনিক্যাল—সব বিভাগেই আমরা সমন্বিতভাবে কাজ করছি। ফুটবলের উন্নয়নে ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’

এশিয়ান কাপ বাছাইয়ের ‘ডেথ গ্রুপে’ ভারত, হংকং, সিঙ্গাপুর ও বাংলাদেশেরই সমান এক পয়েন্ট। গোল ব্যবধানও শূন্য। এমন পরিস্থিতিতে ১০ জুনের ম্যাচটি হয়ে উঠেছে জট খুলবার চাবিকাঠি।

তাবিথ আশাবাদী, ‘এখনো আমাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে। প্রতিটি দলই সমানে সমানে লড়ছে। সিঙ্গাপুর ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন আসবে বলেই আমার বিশ্বাস।’

এদিকে ফিফা ঘোষিত গ্রাসরুট সপ্তাহ উপলক্ষে যশোরের শামসুল হুদা একাডেমিতে ৬০০ ক্ষুদে ফুটবলারকে নিয়ে কর্মসূচি করেছে বাফুফে। একইসঙ্গে বিএসজেএ মিডিয়া কাপকেও এই কার্যক্রমের অংশ বলে উল্লেখ করেছেন সভাপতি, ‘গ্রাসরুট বলতে শুধু ক্ষুদে ফুটবল নয়, নন-ট্র্যাডিশনাল ফুটবলও এর অন্তর্ভুক্ত। সাংবাদিকদের এই টুর্নামেন্টের ছবি ফিফায় পাঠানো হবে।’

সবমিলিয়ে সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমী বাংলাদেশের হৃদয়ে যেভাবে আগুন জ্বলছে, সেটির পেছনে মাঠের খেলার বাইরেও চলছে অনেক হিসেব-নিকেশ। এখন অপেক্ষা শুধু ১০ জুনের ৯০ মিনিট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত