শাকিব ও ছেলেদের নিয়ে অপু-বুবলীর আবেগঘন পোস্ট

আপডেট : ২৭ মে ২০২৫, ০৬:০৬ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে একমাত্র সন্তান শেহজাদ খান বীর ও ঢালিউড মেগাস্টার শাকিব খানের একাধিক ছবি পোস্ট করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। অভিনেত্রীর পোস্ট করা ছবিতে ফুটে উঠেছে ছেলে-বাবার অসাধারণ মুহূর্ত। ছবির ক্যাপশনে বুবলী লেখেন, পরিবার। যেখানে জীবন শুরু এবং ভালোবাসার যেখানে শেষ নেই। 

আজ বিকেলে ফেসবুকে বীর ও শাকিবের একসঙ্গে তোলা ৫টি ছবি শেয়ার করেন বুবলী। ছবিতে দেখা যাচ্ছে, ছেলে বীরকে আদর করছেন বাবা শাকিব।

বুবলীর এমন পোস্টের পর থেমে থাকেননি অপু বিশ্বাসও। কিছুক্ষণের মধ্যে তিনিও তার সন্তান আব্রাম খান জয়ের সঙ্গে তার বাবা শাকিব খানের কিছু একান্ত মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেন।  

সেই ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “বাবা’ এমন একটি শব্দ, যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেওয়ার কিছুই নেই। তা-ও বাবা-ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে।” 

অপু বিশ্বাস ও বুবলীর সামাজিক মাধ্যমের লড়াইটা অনেকটাই প্রকাশ্যে, দুজনই মাঝেমধ্যেই শাকিব খান ও সন্তানদের নিয়ে পোস্ট দেন। তাদের যুদ্ধটা মূলত এটা নিয়েই। দুজনের পোস্ট থেকে একটা জিনিস প্রকাশিত হতে থাকে যে দুজনই শাকিবের কাছাকাছি রয়েছেন। 

দুজনের পোস্ট করা ছবিতে মন্তব্যের ঘরে নেটিজেনরা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লেখেন, মাশাল্লাহ দোয়া করি এভাবেই বাবা ছেলে বন্ধুর মতো সারা জীবন থাকুক।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত