চলতি বছরের মে মাসে ১০০ বছরের রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে ভারতের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত মুম্বাইয়ে। গত সোমবার ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) এক বিবৃতিতে জানিয়েছে, চলতি মাসে মুম্বাইয়ের কোলাবায় এখন পর্যন্ত ৪৩৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আইএমডির তথ্য অনুসারে, এর আগে শুধু মে মাসে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছিল ১৯১৮ সালে। সে বছরের মে মাসে মোট ২৫৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছিল সেখানে। মুম্বাইয়ে সাধারণত যে সময় বর্ষাকাল শুরু হয়, এবার তার অনেক আগে এসেছে বর্ষা। আইএমডি মুম্বাই শাখা দপ্তরের প্রধান নির্বাহী শুভাঙ্গি ভুট্টে জানিয়েছেন, সাধারণত জুনের ১১ তারিখের পর থেকে বর্ষা মৌসুম শুরু হয় মুম্বাইয়ে। তবে এবার বর্ষা এসেছে ২৫ মে থেকে। আরব সাগরের উপকূলে অবস্থিত হওয়ার কারণে ভারতের সবচেয়ে বৃষ্টিপ্রবণ শহরগুলোর মধ্যে মুম্বাই অন্যতম। অনেক সময় শহরটিতে বর্ষণের পরিমাণ এত বেশি হয় যে পুরো শহর ডুবে যায়।
×
