আজ কর্মসূচি স্থগিত চলছে আলোচনা

আপডেট : ২৮ মে ২০২৫, ০৭:২০ এএম

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিল করার বিষয়ে কর্মচারীদের দাবি আজ বুধবার মন্ত্রিপরিষদ সচিবের কাছে তুলে ধরবেন দায়িত্বপ্রাপ্ত সচিবরা। এই পরিস্থিতিতে আন্দোলন কর্মসূচি এক দিনের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন কর্মচারীরা।

গতকাল মঙ্গলবার দুপুরের পর সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদসহ কয়েকজন সচিবের সঙ্গে আন্দোলনকারী কর্মচারী নেতারা বৈঠক করেন। পরে এই এক দিনের জন্য কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে ভূমি সচিব সাংবাদিকদের বলেন, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার জন্য তিনিসহ কয়েকজন সচিবকে গতকাল মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ সচিব দায়িত্ব দেন। সে অনুযায়ী তারা আন্দোলনকারীদের কথা শুনেছেন।

আন্দোলনকারীদের নেতা বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান ও সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মুহা. নুরুল ইসলাম জানান, তারা বুধবার কোনো কর্মসূচি পালন করবেন না। এ সময় আন্দোলনকারী নেতাদের পক্ষে আরও উপস্থিত ছিলেন বাদিউল কবির, নজরুল ইসলামসহ অন্যরা।

বাংলাদেশ সচিবালয় সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মো. বাদিউল কবির বলেন, ‘মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে আলোচনা করা পর্যন্ত আমরা আন্দোলন কর্মসূচি বন্ধ রাখব। তবে দাবি আদায় না হলে বৃহস্পতিবার থেকে আবার আন্দোলন চলবে।’

এর আগে কর্মকর্তা-কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে অধ্যাদেশ পর্যালোচনায় একটি কমিটি গঠন করার কথা জানান জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা। আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহেরকে প্রধান করে ১৩ সদস্যের এই কমিটি গঠন করা হবে। কমিটিতে সরকারের গুরুত্বপূর্ণ সাতজন সচিব ও আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের তিনজন প্রতিনিধি, জনপ্রশাসন ও মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিনিধি রাখা হবে। আন্দোলনরত কর্মচারীরা কর্মবিরতিতে যাওয়ার পরিকল্পনা করছেন, এমন খবর প্রকাশের পর এ কমিটি গঠন ও সচিবদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া অনুমোদন হয়। এরপর থেকে এই অধ্যাদেশের বিরোধিতা করে আন্দোলনে নামেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা।

কর্মচারীদের বিক্ষোভকে কেন্দ্র করে গতকাল সচিবালয়ে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। সচিবালয়ের প্রধান ফটকে বিশেষায়িত বাহিনী সোয়াত মোতায়েন করা হয়। এ ছাড়া বিজিবি, র‌্যাবও মোতায়েন করা হয়। সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী ছাড়া কেউ ঢুকতে পারেননি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যেই সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করেন কর্মচারীরা। দুপুর একটা পর্যন্ত সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশের অনুমোদন দেওয়া হয়নি। বিক্ষোভ কর্মসূচি শেষ হওয়ার পর দুপুর ১টার পর সাংবাদিকদের সচিবালয়ের ভেতরে প্রবেশ করতে অনুমোদন দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত