বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে গাজীপুর মহানগরীর গাছা এলাকায় সংঘর্ষের ঘটনায় দায়ের করা তিনটি হত্যা মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এক্সিম ব্যাংকের সাবেক কর্মকর্তা নজরুল ইসলাম মজুমদার এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে বুধবার সকালে গাজীপুর মেট্রোপলিটন আদালতে হাজির করা হয়। আদালতে ডেথ রেফারেন্স চলমান থাকায় ওই দিন আদালতের কার্যক্রম বন্ধ ছিল।
গাজীপুর মহানগর আদালতের দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) আহসান উল্লাহ চৌধুরী জানান, আসামিদের গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয়। এ সময় আদালত চত্বর ঘিরে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। পুলিশ, গোয়েন্দা সংস্থা ও র্যাব সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে নজরদারির ব্যবস্থা ছিল ব্যাপক। আদালত প্রাঙ্গণে ছিল উৎসুক জনতা ও সংবাদকর্মীদের ভিড়।
আদালত সূত্র জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গাছা এলাকায় সংঘটিত এই হত্যাকাণ্ড ঘিরে মেট্রোপলিটন গাছা থানায় তিনটি পৃথক মামলা দায়ের করা হয়। এসব মামলার মধ্যে গাছা থানার মম-৯(৮)২৪ নম্বর মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে শ্যোন অ্যারেস্ট দেখানোর কথা ছিল। এ মামলার পরবর্তী শুনানির তারিখ ২২ জুন ধার্য করেছেন আদালত।
আর এক্সিম ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম ও সেনা কর্মকর্তা জিয়াউল হাসান অপর একটি মামলায় ধার্য তারিখ ছিল। তবে আদালতে ডেথ রেফারেন্স চলমান থাকায় ওইদিন আদালতে কোনো কার্যক্রম সম্পন্ন হয়নি।
গাজীপুর জর্জ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মোস্তফা কামাল জানান, গাজীপুর জেলা বারের একজন সিনিয়র আইনজীবীর মৃত্যুজনিত কারণে আদালতে ডেথ রেফারেন্স ঘোষিত হওয়ায় মামলাগুলোর শুনানি স্থগিত রাখা হয়েছে।
পিপি আরও জানান, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় হত্যা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগপত্র প্রস্তুতের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মামলাগুলো রাষ্ট্রপক্ষের অগ্রাধিকার ভিত্তিতে পরিচালিত হচ্ছে।
