ম্যানইউর উপর 'প্রতিশোধ' নিতে গিয়ে নিজেকে ফিরে পেয়েছেন আন্তোনি

আপডেট : ২৮ মে ২০২৫, ০৫:৫৭ পিএম

পোল্যান্ডের ভ্রোৎসওয়াভ শহরে আজ রাতে উয়েফা ইউরোপা কনফারেন্স লীগের শিরোপার জন্য মুখোমুখি হচ্ছে ইংলিশ ক্লাব চেলসি ও স্প্যানিশ ক্লাব রিয়াল বেতিস। তবে এই বহুল প্রতীক্ষিত ফাইনালের আলোচনায় যিনি সবচেয়ে বেশি জায়গা করে নিয়েছেন, তিনি ব্রাজিলিয়ান উইঙ্গার আন্তোনি—যিনি ম্যানচেস্টার ইউনাইটেডে ব্যর্থ অধ্যায়ের পর বেতিসে এসে নিজেকে খুঁজে পেয়েছেন নতুন আলোয়।

২০২২ সালে আয়াক্স থেকে ১০ কোটি ইউরো ট্রান্সফার ফিতে ইউনাইটেডে যোগ দিয়ে ক্লাব ইতিহাসের অন্যতম দামি খেলোয়াড়ে পরিণত হয়েছিলেন আন্তোনি। তবে ইংল্যান্ডে তিনি নিজেকে প্রমাণ করতে পারেননি। পারফরম্যান্সের ঘাটতির পাশাপাশি কোচের সঙ্গে সম্পর্কের টানাপড়েন—সব মিলে ওল্ড ট্র্যাফোর্ডে সময়টা তার জন্য ছিল হতাশায় ভরা। এমনকি তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে, নিজের কথায়, “কয়েকদিন না খেয়ে” থাকতেন।

সেই কঠিন সময় থেকে মুক্তি আসে গত জানুয়ারিতে, যখন তিনি ধারে যোগ দেন রিয়াল বেতিসে। স্পেনের মাটিতে পা রেখেই যেন আত্মবিশ্বাস ফিরে পান আন্তোনি। অভিষেক ম্যাচেই হন ম্যাচসেরা, দ্বিতীয় ম্যাচেই গোল। এরপর ধারাবাহিকভাবে ২৫ ম্যাচে ৯ গোল ও ৫ অ্যাসিস্ট করে তিনি জানান দেন—পুরনো আন্তোনি ফিরে এসেছেন।

রিয়াল বেতিস কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি বলেন, “সে প্রতিশোধ নিতে চেয়েছিল—এটাই ছিল তার সবচেয়ে বড় অনুপ্রেরণা। বেতিসে এসে সে সেটা করেছে পরিশ্রম আর প্রতিভার মাধ্যমে। সে জানত, ১০ কোটির ফুটবলার হিসেবে সবাই কিছু প্রমাণ আশা করে। এখন সে নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় পার করছে।”

চেলসিকে ফেভারিট ভাবতে নারাজ এই চিলিয়ান কোচ। “আমার মনে হয় না চেলসি এগিয়ে। আমরা যদি আমাদের মতো খেলি, তাহলে সম্ভাবনা দুই দলেরই সমান। চাপ সামলানোই আসল চাবিকাঠি,” বলেন পেলেগ্রিনি।

চেলসির বিপক্ষে এই ফাইনাল শুধু শিরোপার লড়াই নয়, আন্তোনির জন্য এটা যেন নিজেকে আবারও প্রমাণের, নিজেকে ফিরে পাওয়ার আরেকটি সুযোগ। হয়তো এখান থেকেই শুরু হবে তার ক্যারিয়ারের নতুন একটি উজ্জ্বল অধ্যায়। সোমবারই ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি আন্তোনিকে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য দলে নিয়েছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত