সচিবালয়ে কর্মচারীদের এক ঘণ্টার কর্মবিরতি

আপডেট : ২৯ মে ২০২৫, ১১:৫৩ এএম

সরকারি চাকরি সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের দাবিতে দেশের সব সরকারি দপ্তরে একযোগে কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে এ কর্মবিরতি, যা চলে বেলা ১১টা পর্যন্ত। ফোরামের ঘোষণা অনুযায়ী, দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিনই এ কর্মসূচি চলমান থাকবে।

সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. বাদিউল কবীর জানান, ‘ঘোষণা অনুযায়ী সকাল ১০টা থেকে কর্মচারীরা একযোগে কর্মবিরতিতে গেছেন। শুধু সচিবালয় নয়, রাজধানী ও বাইরে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরাও এই কর্মসূচিতে অংশ নিয়েছেন।’

তিনি আরও জানান, কর্মবিরতির সময় সচিবালয়ের নেতৃস্থানীয় কর্মচারীরা শের-ই-বাংলা নগরের বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

প্রসঙ্গত, সরকারি চাকরি সংক্রান্ত অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর গত শনিবার ও রবিবার সচিবালয়ে প্রতিবাদ সমাবেশ করেন সরকারি কর্মচারীরা। কিন্তু আন্দোলনের মাঝেই রবিবার রাতেই সরকার অধ্যাদেশটি জারি করে। এতে বলা হয়, চার ধরনের অপরাধে জড়িত কর্মচারীদের বিরুদ্ধে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েই চাকরি থেকে অপসারণের বিধান কার্যকর হবে।

এই সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার ও মঙ্গলবার সচিবালয়ে আবারও বিক্ষোভে নামেন কর্মচারীরা। এরপর মঙ্গলবার দুপুরে সরকারি দপ্তরের কয়েকজন সচিব কর্মচারী নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে সরকারের পক্ষ থেকে আশ্বাস পেলে আন্দোলন সাময়িকভাবে স্থগিত করা হয়।

তবে গতকাল বুধবার সেই বৈঠকের আলোকে সচিবরা মন্ত্রিপরিষদ সচিবকে কর্মচারীদের দাবির কথা জানিয়ে দেন। জানা গেছে, রাষ্ট্রীয় সফর শেষে প্রধান উপদেষ্টা দেশে ফিরলে তাঁর কাছে বিষয়টি উপস্থাপন করবেন মন্ত্রিপরিষদ সচিব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত