আইসিসিও খুশি, তবে লম্বা সময় বিসিবিতে থাকব না: বুলবুল

আপডেট : ২৯ মে ২০২৫, ০১:২৬ পিএম

যে কোনো সময় পদত্যাগ করতে পারেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। কিংবা তাকে সরিয়ে দেওয়া হতে পারে। বিসিবির নতুন দায়িত্বে আসতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আইসিসির ডেভলপমেন্ট অফিসার হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। তাই বিসিবিতে খুব বেশিদিন থাকার ইচ্ছে নেই দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানের।

দেশের একটি শীর্ষ গণমাধ্যকে দেওয়া সাক্ষাৎকারে বুলবুল বলেছেন, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে বেশ কয়েক দিন আগে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল যে, আমি সার্ভ করতে রাজি আছি কি না। আমি বলেছি, বোর্ডে কোন কোন জায়গায় কাজ করা উচিত, বেশ কিছু জায়গা আছে যেখানে অনেক কিছু করার আছে। আমাকে তখন বলা হয়েছে, তারা আমাকে বিসিবি পরিচালক পদে চান। সভাপতি নিয়ে কথা হয়নি। সভাপতি তো কেউ এভাবে চাইতে পারেন না। বোর্ড পরিচালকদের ভোটে সভাপতি হতে হবে। আমি বলেছি, দেশের ক্রিকেটের জন্য যে কোনো দায়িত্ব নিতে রাজি।’

তবে খুব বেশিদিন যে বিসিবির দায়িত্বে থাকবেন না, সেটাও পরিস্কার করে দিয়েছেন বুলবুল, দেখুন, আমি আইসিসিতে একটা দায়িত্বে আছি। ওটা আমার পেশা, আমার জীবিকা। লম্বা সময় বিসিবিতে থাকার ইচ্ছে আমার নেই। দেশের ক্রিকেট আমাকে চেয়েছে। আমি দায়িত্ব নিতে প্রস্তুত। বিসিবি নির্বাচন পর্যন্ত কাজ করতে চাই। তবে নির্বাচন করা বা দীর্ঘমেয়াদে থাকার ইচ্ছে নেই। জীবিকার কথাও তো ভাবতে হবে। ক্রীড়া মন্ত্রণালয়ের প্রস্তাব পাওয়ার পর আমি আইসিসিতে কথা বলেছি। ওদের কোনো আপত্তি নেই, বরং খুশিই হয়েছে। ওরাও তো চায় সদস্য দেশগুলিকে সহায়তা করতে।’

৫৭ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার আরও বলেছেন, ‘আইসিসি বলেছে, বিসিবির দায়িত্ব শেষে আবার আইসিসিতে যোগ দিতে পারব। বরং আরও বেটার রোল আমাকে দেওয়া হতে পারে। এমনিতে আমি যে সেক্টরে আছি, এখানে ডেভেলপমেন্ট ম্যানেজারই শেষ, ওপরে কিছু নেই। তবে অন্যান্য জায়গায় কাজ করার সুযোগ আছে। ২০২৬ বিশ্বকাপের জন্য যে ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক, সেটি আমারই করা। পরবর্তীতে হয়তো ওই সংক্রান্ত কোনো কাজ বা দায়িত্ব দেওয়া হতে পারে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত