সিলেটের বিয়ানীবাজার সীমান্ত দিয়ে আরও ২১ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার সকালে উপজেলার মুড়িয়া ইউনিয়নের নয়াগ্রাম সীমান্ত থেকে তাদেরকে আটক করে বিজিবি। বিয়ানীবাজার বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- কেরামত শেখ (৬০), রমেছা বেগম (৫৫), কুলছুম শেখ (২০), ওমর শেখ (২ মাস), জহুরা বেগম (৬০), সোহাগী বেগম (৩২), সিদ্দিক শিকদার (১৮), সুমাইয়া বেগম (১১), রাফি শিকদার (৯), হাসান শিকদার (৩), জুয়েল শাহানুর (২৮), মরিয়ম খাতুন (২৫), আমেনা খাতুন (৮), আনার শেখ (২ মাস), তাছলিমা বেগম (৩৫), ইয়ামিন আহমদ (১৭), ইয়াসিন আহমদ (৫), ইয়াকুব মিয়া (৪), রোকসানা বেগম (৩৫), আজগর আলী (৪০) ও ইতি বেগম (৩৫)। এদের বাড়ি নড়াইল, খুলনা ও গোপালগঞ্জ জেলায়।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, আটকদের বিয়ানীবাজার থানায় হস্তানান্তর করা হয়েছে। সীমান্ত পাহারায় বিজিবি সর্তক অবস্থানে রয়েছে।
বিয়ানীবাজার থানার ওসি আশরাফ উজ্জামান বলেন, ২১ জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। আটকরা জানিয়েছে, তারা কাজের জন্য বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে গিয়েছিল। সেখানে দিনমজুরের কাজ করতেন। সম্প্রতি ভারতীয় পুলিশের হাতে তারা আটক হন।
উল্লেখ্য, গত ২৫ মে একই সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশইন করেছিল বিএসএফ। গত বুধবার ভোরে সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৮২ জনকে পুশইন করে বিএসএফ।
