সরকারি কর্মচারীরা উপদেষ্টাদের স্মারকলিপি দেবেন

আপডেট : ৩০ মে ২০২৫, ০২:৪১ এএম

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে কর্মবিরতি কর্মসূচি বাদ দিয়েছেন আন্দোলনরত সরকারি কর্মচারীরা। আগামী রবিবার তিন উপদেষ্টাকে এবং সোমবার দুই উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবেন তারা। গতকাল বৃহস্পতিবার এক ঘণ্টার কর্মবিরতি পালন শেষে সচিবালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. নূরুল ইসলাম ।

তিনি বলেন, চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে আগামী রবিবার উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মুহাম্মদ ফাওজুল কবির খান, সৈয়দা রিজওয়ানা হাসান এবং সোমবার উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে স্মারকলিপি দেওয়া হবে। আর মাঠপর্যায়ে থেকে প্রতিষ্ঠান ও সংস্থাপ্রধানদের মাধ্যমে মন্ত্রিপরিষদ সচিবের কাছে স্মারকলিপি দেওয়া হবে।

নূরুল ইসলাম বলেন, ‘আগামী রবিবার আমরা ইতিবাচক খবর পেলে সব কর্মসূচি প্রত্যাহার করে নেব। একটা ভালো ফলাফল নিয়ে ঈদটা উদযাপন করব।’ তিনি বলেন, ‘আলোচনা যাই হোক আমাদের একটা টাইমফ্রেম থাকতে হবে। আমরা তো আজীবন অপেক্ষায় থাকব না। ঈদের আগে আমাদের হাতে সময় আছে চার দিন। প্রধান উপদেষ্টা মহোদয়ের আগামী শনিবার দেশে আসার কথা শুনেছি। সে ক্ষেত্রে রবিবার আমাদের আশাব্যঞ্জক একটি খবর পাওয়ার কথা। তারপরও আমরা আন্দোলন থেকে সরে যাইনি, সরে যাব না।’

 সরকারি চাকরি অধ্যাদেশ বাস্তবায়ন করতে পারলে সরকার অভিন্ন নীতিমালা কর্মচারীদের ওপর চাপিয়ে দেবে বলে শঙ্কা প্রকাশ করেন কর্মচারী নেতা নূরুল ইসলাম। তিনি বলেন, ‘আশা করি, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিবসহ সংশ্লিষ্ট অন্য সচিবরা প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর তার সঙ্গে আলোচনা করে আমাদের একটি ভালো রেজাল্ট দেবেন, আমরা সেই প্রত্যাশায় থাকব।’

উপদেষ্টা পরিষদে অনুমোদন হওয়া সরকারি চাকরি অধ্যাদেশের খসড়া বাতিলের দাবিতে গত শনি ও রবিবার সচিবালয়ে বিক্ষোভ সমাবেশ করেন কর্মচারীরা। এর মধ্যেই রবিবার রাতে সরকারি চাকরি অধ্যাদেশ জারি করে সরকার। এর ফলে চার ধরনের অপরাধের জন্য সরকারি কর্মচারীদের সাত দিনের কারণ দর্শানোর নোটিস দিয়েই চাকরিচ্যুত করার সুযোগ তৈরি হয়েছে।

এর প্রতিবাদে কর্মচারীরা গত সোম ও মঙ্গলবার সচিবালয়ে নজিরবিহীন বিক্ষোভ করেন। এরপর মঙ্গলবার দুপুরে সরকারের কয়েকজন সচিব কর্মচারী নেতাদের সঙ্গে বৈঠক করেন। সচিবদের আশ্বাসে গত বুধবার বিক্ষোভ কর্মসূচি স্থগিত রেখেছিলেন তারা।

কর্মচারী নেতাদের সঙ্গে সচিবদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কর্মচারীদের দাবির বিষয়টি গত বুধবার মন্ত্রিপরিষদ সচিবকে জানিয়েছেন সচিবরা। রাষ্ট্রীয় সফর শেষে প্রধান উপদেষ্টা দেশে ফিরলে মন্ত্রিপরিষদ সচিব তাকে কর্মচারীদের দাবির বিষয়টি অবগত করবেন।

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেছিল সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। এখন সে অবস্থান থেকে সরে এসে উপদেষ্টাদের স্মারকলিপি দেওয়ার কর্মসূচি নিয়েছেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত