ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৪ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক বন সংরক্ষক মোশাররফ হোসেনের নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের ঢাকা জেলা কার্যালয়ে মামলাটি করা হয়েছে বলে জানান সংস্থাটির উপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।
মামলার এজাহারে বলা হয়, মোশাররফ হোসেন ১৯৮৫ সালের ২৪ এপ্রিল সহকারী বন সংরক্ষক হিসেবে চাকরিতে যোগদান এবং ২০০৫ সালের ২৮ জুন অবসরে যান। তিনি অবসরে যাওয়ার পর মেঘনা রিয়েল এস্টেট লিমিটেড নামে কোম্পানি খুলে আবাসন ব্যবসা শুরু করেন। দুদকের অনুসন্ধানে তার ৫ কোটি ১১ লাখ ১৩ হাজার ২৬০ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়।
