দুটি নিবন্ধনবিহীন দল ছাড়া সবাই নির্বাচন চায়: প্রিন্স

আপডেট : ৩০ মে ২০২৫, ০৬:৫৬ পিএম

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা পরবর্তীকালে আওয়ামী লীগ সৃষ্ট সর্বগ্রাসী সঙ্কট সফলতার সঙ্গে মোকাবেলা করে দেশ ও জাতিকে আলোর দিশা দেখিয়েছিলেন। নিজের জীবনকে বাজি রেখে একাত্তুরে যেমন স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন , পঁচাত্তুর পরবর্তীকালে তেমন স্বাধীন দেশকে আধিপত্যবাদের আগ্র্রাসনের কবল থেকে মুক্ত করে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিজের জীবন উৎসর্গ করেছেন।

আজ শুক্রবার বিকেলে ধোবাউড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রমমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা, দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সূর্য বিজয়ী বীর আখ্যায়িত দিয়ে তিনি বলেন, ক্ষণজন্মা এই বীর ছিলেন অস্থির সময়ের সুস্থির মহানায়ক। জীবনের বাঁকে বাঁকে সফলতার সঙ্গে চ্যালেঞ্জ মোকাবেলা করে তিনি দেশ ও জাতির জন্য অপরিহার্য হয়েছিলেন। যুদ্ধ, সংগ্রাম, দেশ গঠন, সংকট মোকাবেলাসহ সার্বিক পটভূমিতে জিয়াউর রহমানকে অনুস্মরণ করতে হবে।

তিনি দেশের বিরাজমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, বিএনপিসহ দেশবাসী তীব্র ক্ষোভ ও হতাশার সঙ্গে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে। সরকার আসলেই নির্বাচন চায় কী না, জনগণ জানতে চায়।

জাপানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে বলেন, ডিসেম্বরে নির্বাচন চাওয়া নিয়ে বিএনপিকে ইংগিত করে তিনি যা বলেছেন তা সত্যের অপলাপ। তার কাছ থেকে জাতি তা আশা করে না। নিবন্ধনবিহীন দুটি দল ছাড়া দেশের প্রায় সকল রাজনৈতিক দল এবং রাষ্ট্র শক্তি সমুহ ডিসেম্বরে নির্বাচন চায়।

ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক জি এম আযহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সদস্য সচিব আনিসুর রহমান মনিকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লিটন, আবদুল কুদ্দুস, হাবিবুর রহমান হাবিব, আবদুল ওয়াহেদ তালুকদার, সোলায়মান সরকার, হুমায়ূন কবীর, আবদুল মোমেন সুমন, জেলা যুব দলের সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত