চলন্ত অবস্থায় হেডলাইট বিকল, টর্চ লাইটে স্টেশনে পৌঁছাল পারাবত এক্সপ্রেস

আপডেট : ৩০ মে ২০২৫, ১০:৫৯ পিএম

সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভের (ইঞ্জিন) হেডলাইট বিকল হয়ে পড়ে বৃহস্পতিবার (২৯ মে) রাতে। এরপর বাধ্য হয়ে টর্চ লাইট জ্বালিয়ে ও টানা হর্ন বাজিয়ে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার আজমপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় এবং ট্রেনটি দুই ঘণ্টার বেশি সময় বিলম্ব করে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, নোয়াপাড়া স্টেশন থেকে যাত্রা শুরুর কিছুক্ষণ পর বিজয়নগরের মুকুন্দপুর এলাকায় হঠাৎ হেডলাইট নষ্ট হয়ে যায়। দীর্ঘক্ষণ চেষ্টা করেও ইঞ্জিনের আলো মেরামত করা সম্ভব হয়নি। ফলে ট্রেনটি বিকল্পভাবে প্রায় ১০ কিলোমিটার পথ অতিক্রম করে আজমপুর স্টেশনে পৌঁছায়।

আজমপুর স্টেশনে উপস্থিত স্থানীয় যুবক ক্যান্টন হোসেনসহ ট্রেনের যাত্রীরা জানান, বৃষ্টির মধ্যে ট্রেনটির ইঞ্জিনে একজনকে টর্চ লাইট ধরে রাখতে দেখা যায়। ট্রেনটি বারবার হর্ন বাজাচ্ছিল, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করে। এদিকে রেলওয়ের এমন অব্যবস্থাপনার ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ যাত্রীরা।

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের লোকোশেড ইনচার্জ ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানান, চলন্ত অবস্থায় ট্রেনটির হেডলাইট নষ্ট হয়ে যায়। পরে আখাউড়া থেকে বিকল্প লোকোমোটিভ পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত