পিএসজির ট্রেবলে বাধা ইন্তার

আপডেট : ৩১ মে ২০২৫, ১২:৩৬ এএম

পিএসজিতে কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টস-এর অর্থায়ন শুরুর পর (২০১১ সাল) থেকে চ্যাম্পিয়নস লিগ জিততে ক্লাবটি কোনো কিছুরই কমতি রাখেনি। এমবাপ্পে, নেইমার, মেসিকেও একসঙ্গে করেছিল তবে সাফল্য মেলেনি। ২০২০-এর পর প্যারিসের ক্লাবটির সামনে আবারও সুযোগ প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতার। আর সেটি করতে পারলে লুইস এনরিকের দলের ট্রেবলও পূর্ণ হবে। তবে পিএসজির সামনে বাধা এই মৌসুমে ঘরোয়া কোনো শিরোপাই জিততে না পারা ইতালিয়ান ক্লাব ইন্তার মিলান। মৌসুমে এখনো কোনো ট্রফি না জেতার আক্ষেপটা ইন্তার ঘুচাতে চাইবে ১৫ বছর পর চ্যাম্পিয়নস লিগ জিতে। ফলে আজ রাতে জার্মানির মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনাতে পিএসজি ও ইন্তারের জমজমাট ফাইনালের আশা করতেই পারেন ফুটবলপ্রেমীরা।

পিএসজি ও ইন্তার এবারই প্রথম কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে। এর আগে এই দুটি ক্লাব খেলেছে মাত্র ৫ ম্যাচ। তবে সেগুলো ছিল প্রীতি ম্যাচ বা প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ। সেই পাঁচ ম্যাচের তিনটিতে জিতেছিল পিএসজি, একটিতে ইন্তার মিলান। অপরটি ড্র হয়। অপ্টার সুপার কম্পিউটার-এর হিসাবে এবার পিএসজির চ্যাম্পিয়নস লিগ জেতার সুযোগ ৫৮ শতাংশ। তবে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল ম্যাচের চাপ কেমন সেটি পিএসজির চেয়ে ভালো জানা আছে ইন্তার মিলানের। ক্লাবটি এর আগে ছয়বার ফাইনালে খেলেছে, সবশেষ ২০২২-২৩ মৌসুমেও ফাইনাল খেলেছিল ইতালির ক্লাবটি।

পিএসজির হয়ে দারুণ মৌসুম কাটাচ্ছেন ওসমান দেম্বেলে। ফরাসি এই ফরোয়ার্ড এই মৌসুমে পিএসজির হয়ে করেছেন ৩৩ গোল, অ্যাসিস্ট ১৩টি। এবার চ্যাম্পিয়নস লিগেও আট গোল করে পিএসজির সর্বোচ্চ স্কোরার তিনি। ইন্তার মিলানের হয়ে সেমিফাইনালে দারুণ খেলেছেন রাইট ব্যাক ডেনজেল ডামফ্রিস। বার্সেলোনার বিপক্ষে সেমির দুই লেগ মিলিয়ে দুই গোল ও তিন অ্যাসিস্ট করেন তিনি। আর ফরোয়ার্ড লাইনে ইন্তারের অন্যতম ভরসা তাদের অধিনায়ক লাউতারো মার্তিনেজ। এবার চ্যাম্পিয়নস লিগে ৯ গোল করেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। ফাইনালে জ্বলে উঠবেন কে দেম্বেলে, মার্তিনেজ নাকি অন্য কেউ তা সময়ই বলে দেবে।

পিএসজি কোচ এনরিকের সামনে দারুণ এক কীর্তি গড়ার সুযোগ। এর আগে বার্সেলোনার কোচ হিসেবে ট্রেবল জিতেছিলেন তিনি ২০১৫ সালে। এবার পিএসজির হয়ে ট্রেবল জয়ের সামনে আছেন অভিজ্ঞ এই কোচ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত