পাকিস্তানের কাছে যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার ভারতের

আপডেট : ০১ জুন ২০২৫, ০৭:১৯ এএম

পাকিস্তানের সঙ্গে সংঘাতে কয়েকটি যুদ্ধবিমান হারানোর কথা প্রথমবারের মতো স্বীকার করেছে ভারতীয় সামরিক বাহিনী। তবে মে মাসের শুরুতে চার দিনের এই লড়াই কখনোই পারমাণবিক যুদ্ধের কাছাকাছি পৌঁছায়নি বলে দাবি করেছে তারা।

সিঙ্গাপুরে শাংগ্রি-লা ডায়ালগে উপস্থিত ভারতের সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান গতকাল শনিবার ব্লুমবার্গ টিভির সঙ্গে সাক্ষাৎকারে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি স্বীকার করেন।

গত ৭ মে ভারতীয় যুদ্ধবিমানগুলো পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে বোমা হামলা চালায়। নয়াদিল্লির দাবি, এ হামলা ‘সন্ত্রাসীদের অবকাঠামো’ ধ্বংসের জন্য ছিল। পাকিস্তান জানায়, তারা ভারতের ছয়টি যুদ্ধবিমান গুলি করে ফেলেছে, যার মধ্যে তিনটি ছিল ফ্রান্সের তৈরি রাফাল।

কিন্তু জেনারেল চৌহান পাকিস্তানের এ দাবিকে ‘সম্পূর্ণ ভুল’ বলে উড়িয়ে দিয়েছেন। তবে ওই দিনের সংঘর্ষে ভারত কতগুলো যুদ্ধবিমান হারিয়েছে, তা তিনি স্পষ্ট করেননি। চৌহান বলেন, ‘বিমান ভূপাতিত হওয়ার কারণ এবং কী ভুল হয়েছিল, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। সংখ্যার বিষয়টি ততটা গুরুত্বপূর্ণ নয়।’ তিনি বলেন, ‘ভালো দিক হলো, আমরা আমাদের কৌশলগত ভুলগুলো বুঝতে পেরেছি। সেগুলো সংশোধন করে দুই দিন পর আবার যুদ্ধবিমানগুলো উড়িয়ে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত করেছি।’

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ৭ মে পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় যুদ্ধবিমান নিয়ে কী ঘটেছিল, সে বিষয়ে ভারত সরকার বা সামরিক কর্মকর্তাদের কাছ থেকে এটিই এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট মন্তব্য।

এর আগে চলতি মাসের শুরুতে নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের এয়ার অপারেশনসের মহাপরিচালক এয়ার মার্শাল এ কে ভারতী সাংবাদিকদের প্রশ্নে শুধু বলেছিলেন, ‘ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাবি করেছিলেন, তাদের বাহিনী ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে এ দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। জেনারেল চৌহানের মন্তব্যের আগে ভারত সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করা থেকে বিরত ছিল।

এ সংঘাত ছিল দুই প্রতিবেশী দেশের মধ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে তীব্র। দুপক্ষই একে অন্যের অবস্থান লক্ষ্য করে বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ ছাড়া সীমান্তে কামানের গোলাবর্ষণ এবং হালকা অস্ত্র নিয়ে তুমুল লড়াই হয়। 

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর একটি সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর এ সংঘাত শুরু হয়। ভারত এ হামলার জন্য পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসীদের দায়ী করে, যদিও ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির পর ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যার ফলে একটি ‘পারমাণবিক যুদ্ধ’ এড়ানো গেছে। তবে জেনারেল চৌহান ‘পারমাণবিক অস্ত্র ব্যবহারের কাছাকাছি পৌঁছানোর ইঙ্গিতকে’ ‘অবাস্তব’ বলে উল্লেখ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত