চ্যাম্পিয়ন্স লিগ

পিএসজি সমর্থকদের বিজয় উদযাপনে সংঘর্ষ, নিহত ২ ও গ্রেপ্তার ৫৫৯

আপডেট : ০১ জুন ২০২৫, ০৫:০৮ পিএম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) দুর্দান্ত বিজয় উদযাপনে ফ্রান্সের রাজধানী প্যারিস ও আশপাশের এলাকায় রাস্তায় নেমে আসে হাজার হাজার সমর্থক। এ বিজয় উদযাপনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় পিএসজি সমর্থকরা। রাতভর এ সংঘর্ষে দুজন নিহত ও শতাধিক গ্রেপ্তার হয়েছে।

মিউনিখে ইন্টার মিলানের বিপক্ষে পিএসজির ৫-০ গোলের জয়ের পর রাতভর গাড়ির হর্ন, রাস্তায় গান গাওয়া এবং আতশবাজিতে মুখর ছিল প্যারিসের অলিগলি।

রবিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চ্যাম্পস-এলিসিস অ্যাভিনিউতে সংঘর্ষ শুরু হওয়ার পর রাজধানীতে ৪৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফ্রান্সজুড়ে মোট ৫৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে তারা।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, কর্তৃপক্ষ উদযাপনের সময় সংঘর্ষে দু'জনের মৃত্যুর খবর দিয়েছে। প্যারিসের চ্যাম্পস-এলিসিস থেকে প্রায় ২ কিলোমিটার দূরে শহরের দক্ষিণাঞ্চলীয় ১৫তম অ্যারোনডিসমেন্টে স্কুটার আরোহী এক ব্যক্তি গাড়ির ধাক্কায় মারা যান।

প্রসিকিউটররা জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ডেক্সে পিএসজির জয় নিয়ে জমায়েতে ১৭ বছর বয়সী এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। ম্যাচের কিছুক্ষণ পর এবং উদযাপনের সময় তার মৃত্যু হয়। তবে প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, এটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের সঙ্গে সম্পর্কিত কিনা তা তারা জানে না। হামলাকারী পলাতক রয়েছে, ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, চ্যাম্পস-এলিসিসের কেন্দ্রে অবস্থিত আর্ক ডি ট্রিওম্ফে পৌঁছানো জনতাকে থামাতে পুলিশ জলকামান ব্যবহার করে।

এক বিবৃতিতে পুলিশ বলেছে, ‘চ্যাম্পস-এলিসিসে বারবার বড় আতশবাজি ও অন্যান্য বস্তু ছুড়ে পুলিশের সঙ্গে হামলাকারীরা সংঘর্ষে জড়াতে চাচ্ছিল।

পুলিশ জানিয়েছে, দক্ষিণ-পূর্ব ফ্রান্সের গ্রেনোবলে পিএসজির জয় উদযাপনের সময় একটি গাড়ি সমর্থকদের মধ্যে ঢুকে পড়লে চারজন আহত হয়, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। আহতরা সবাই একই পরিবারের।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, সারা দেশে আগুন লাগানোর শত শত ঘটনা ঘটেছে। এর মধ্যে আছে দুই শতাধিক যানবাহন পুড়িয়ে দেওয়ার ঘটনা। সহিংসতার সময় নিরাপত্তা বাহিনীর ২২ সদস্য ও ফায়ার সার্ভিসের ৭ কর্মী আহত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত