টাঙ্গাইলের মির্জাপুরে পল্লী বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রবিবার (১ জুন) দুপুর দেড়টার দিকে পৌর এলাকার মির্জাপুর মুসলিমপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি পাহাড়পুর গ্রামের মৃত নোয়ার আলীর ছেলে আসাদ মিয়া (৭৫) বলে জানা গেছে। তিনি সাহাপাড়া বাবু বাজারে কাঁচামাল বিক্রির ব্যবসা করতেন।
ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শামীম খান বলেন, পাহাড়পুর গ্রামের নুরুল হক ভূইয়ার স্ত্রী মিনু বেগম সম্প্রতি তার বাড়ির বেশ কয়েকটি গাছ কাঠ ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। এক সপ্তাহ ধরে শ্রমিকরা গাছগুলো কাটছিলেন। রবিবার দুপুরে প্রায় ১০০ ফুট লম্বা একটি ইউক্যালিপটাস গাছ কাটার সময় গাছটি বিদ্যুতের তারের ওপর পড়ে তারসহ দুটি খুঁটি ভেঙে পড়ে। এ সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে আসাদ মিয়া ঘটনাস্থলেই মারা যান।
পল্লী বিদ্যুৎ মির্জাপুর জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মোকলেছুর রহমান বলেন, সরেজমিন তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস সদস্যদের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।
কড়া নিরাপত্তা নিয়ে দপ্তরে ফিরলেন ‘অবাঞ্ছিত‘ এনবিআর চেয়ারম্যান