ফ্রিজ-এসিসহ বেশ কিছু স্থানীয় শিল্পে একগুচ্ছ সুবিধা

আপডেট : ০২ জুন ২০২৫, ০৩:৩৮ এএম

আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে স্থানীয়ভাবে ফ্রিজ ও এসি উৎপাদনকারীদের জন্য একদিকে ভালো খবর, অন্যদিকে খারাপ খবর রাখা হয়েছে। একদিকে স্থানীয় উৎপাদন পর্যায়ে যে ভ্যাট অব্যাহতি সুবিধা ছিল তা আসন্ন বাজেটে বাতিল করা হতে পারে। তবে ছাড় দেওয়া হচ্ছে পণ্যগুলোর কম্প্রেশার উৎপাদনের উপকরণ আমদানিতে। রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ারকন্ডিশনার ও এর কম্প্রেশারের উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণ আমদানির ক্ষেত্রে আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক তিন বছরের জন্য বাতিল করা হচ্ছে। জানা গেছে, আসন্ন বাজেটে ২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত এ সুবিধা প্রদান করার ঘোষণা আসতে পারে।

সরকার এবারের বাজেটে রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি স্থানীয় শিল্প সুরক্ষার জন্য এসব পদক্ষেপ নিচ্ছে। যে কারণে বেশ কিছু জরুরি পণ্যের কাঁচামাল আমদানিতে ছাড় দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এর মধ্যে নারী-শিশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের কাঁচামাল আমদানির ক্ষেত্রে বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধার মেয়াদ ৫ বছর বাড়ানো হতে পারে। স্বাস্থ্যসেবা আরও সুফল মূল্যে প্রদানের জন্য হাসপাতাল বেড উৎপাদনে ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণ ও খুচরা যন্ত্রাংশ আমদানি ও স্থানীয়ভাবে ক্রয়ের ক্ষেত্রে সব ধরনের ভ্যাট অব্যাহতি ২০৩০ সালের জুন পর্যন্ত অব্যাহতি দেওয়া হতে পারে। একই সময় পর্যন্ত এপিআই উৎপাদনের ক্ষেত্রে ভ্যাট অব্যাহতি সুবিধার মেয়াদ বাড়ানো হয়েছে।

এদিকে মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনের ক্ষেত্রে বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা হ্রাস করে মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। একইভাবে লিফট এবং উৎপাদন পর্যায়ে বিদ্যমান ভ্যাট অব্যাহতির সুবিধা ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত, এলপিজি সিলিন্ডারের উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতির সুবিধা কিছুটা কমিয়ে মেয়াদ তিন বছরের জন্য বাড়ানো হয়েছে।

ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ও ইলেকট্রিক ওভেনের ওপর বিদ্যমান ভ্যাট অব্যাহতির সুবিধা কিছুটা কমিয়ে এর মেয়াদ বাড়ানো হচ্ছে ৫ বছরের জন্য। সাধারণ মোটরকার, মোটর ভেহিক্যালের উৎপাদন পর্যায়ে বিদ্যমান অব্যাহতি সুবিধা বহাল রাখা হয়েছে। সাধারণ ও আইসিইউ অ্যাম্বুলেন্সসহ হাইব্রিড ও ইলেকট্রিক ভেহিক্যালকে শর্তসাপেক্ষে ৫ বছরের জন্য শর্তসাপেক্ষে ভ্যাট অব্যাহতি প্রদান করা হতে পারে।

 ফোর স্ট্রোক থ্রি হুইলারের স্থানীয় উৎপাদনে বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা কমানো হয়েছে, তবে অব্যাহতি সুবিধার মেয়াদ বাড়ানো হচ্ছে আগামী ৫ বছরের জন্য।

একইভাবে সাবান ও শ্যাম্পুর কাঁচামালের স্থানীয় উৎপাদনে ভ্যাট অব্যাহতির সুবিধা কিছুটা কমিয়ে এর মেয়াদ বাড়ানো হতে পারে তিন বছরের জন্য।

উল্লেখ্য, আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য চলতি অর্থবছরের মূল বাজেটের তুলনায় ৭ হাজার কোটি টাকা কমিয়ে সরকারি ব্যয় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। সংসদ না থাকায় ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট এবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিসহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হবে অর্থ উপদেষ্টার বাজেট বক্তৃতা। স্বাধীনতার পর এবারই বাজেটের আকার কমানো হচ্ছে। প্রস্তাবিত বাজেট ঘাটতি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা থেকে কম। প্রস্তাবিত ঘাটতি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ দশমিক ৬২ শতাংশের সমান। এই ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ উৎস তথা ব্যাংকঋণ ও সঞ্চয়পত্রের ওপর ভরসার সঙ্গে বিদেশি ঋণের ওপরও ভর করবে। ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৫ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা চলতি অর্থবছরের সংশোধিত ৫ দশমিক ২৫ শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়ার কথা বিগত সরকারের মতো আসছে অর্থবছরেও বলছে অন্তর্বর্তী সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত