মাদক ব্যবসায়ী ‘ফাইটার বাবলু’কে কুপিয়ে হত্যা

আপডেট : ০২ জুন ২০২৫, ১২:১১ পিএম

লক্ষ্মীপুরে একাধিক মামলার আসামি ও চিহ্নিত মাদক ব্যবসায়ী আজাদ হোসেন বাবলু ওরফে ফাইটার বাবলুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয়দের ধারণা, মাদক ব্যবসা নিয়েই প্রতিপক্ষরা এই হামলা চালায়। 

আজ সোমবার ভোরে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী-হানিফ মিয়াজিরহাট সড়কের পাশের ভূঁইয়া পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাবলু সদর উপজেলার উত্তর জয়পুর এলাকার ভূঁইয়া বাড়ির মৃত মোস্তফা ভূঁইয়ার ছেলে। সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফাইটার বাবলু ছিলেন এলাকার কুখ্যাত সন্ত্রাসী কদু আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী। তিনি দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র ব্যবসায় জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। চলতি বছরের ১১ এপ্রিল রাতে উত্তর জয়পুর ইউনিয়নের পূর্ব চৌপল্লী গ্রামের বেপারি বাড়ি এলাকায় রুবেল হোসেন নামে অপর এক মাদক ব্যবসায়ীকে গুলিবর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলায় বাবলুকে গ্রেপ্তার করেছিল পুলিশ। প্রায় এক সপ্তাহ আগে তিনি জামিনে মুক্তি পান।

স্থানীয়দের দাবি, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ঘিরেই প্রতিপক্ষরা তাকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করেছে। হামলায় তার বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া বুক, মাথা ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপের চিহ্ন রয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, আজাদ হোসেন বাবলু ওরফে ফাইটার বাবলু পুলিশের তালিকাভুক্ত একাধিক মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী। কিছুদিন আগে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। জামিনে মুক্ত হয়ে ফের তিনি মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসাকে কেন্দ্র করেই প্রতিপক্ষরা তাকে কুপিয়ে হত্যা করেছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত