প্রজ্ঞা ও আত্মার প্রতিক্রিয়া

সিগারেটের দাম ও করহার অপরিবর্তিত রাখা হতাশাজনক

আপডেট : ০৩ জুন ২০২৫, ০১:১৯ এএম

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সিগারেট, বিড়ি, জর্দা ও গুলের দাম এবং করহার অপরিবর্তিত রাখায় সরকার প্রায় ২০ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় থেকে বঞ্চিত হতে পারে বলে মনে করছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং আত্মা (অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স)। সংস্থা দুটির মতে, এই সিদ্ধান্ত তরুণ জনগোষ্ঠীকে সিগারেট ও তামাকপণ্য ব্যবহারে উৎসাহিত করবে, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। গতকাল সোমবার তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়ায় এসব তথ্য জানিয়েছে প্রজ্ঞা ও আত্মা।

সংস্থাগুলোর বিবৃতিতে বলা হয়, সিগারেট বাজারের প্রায় ৮০ শতাংশ দখল করে থাকা নিম্ন ও মধ্যম স্তরের সিগারেটের সর্বনিম্ন খুচরা মূল্য ৯০ টাকা নির্ধারণ এবং উচ্চ স্তরের সিগারেটের দাম বৃদ্ধি করা হলে সরকার অতিরিক্ত রাজস্ব আয়ের সুযোগ পেত। এতে জনস্বাস্থ্যের উন্নতি হতো এবং তামাক ব্যবহার হ্রাস পেত। কিন্তু বাজেটে ষষ্ঠবারের মতো বিড়ির মূল্য ও দশমবারের মতো এর সম্পূরক শুল্ক অপরিবর্তিত রাখা হয়েছে, যা অত্যন্ত হতাশাজনক। এ ছাড়া, জর্দা ও গুলের দাম এবং করহারও অপরিবর্তিত থাকায় এসব পণ্য আরও সাশ্রয়ী ও সহজলভ্য হয়ে উঠবে।

প্রজ্ঞা ও আত্মার মতে, দেশে তামাক ব্যবহারকারীদের ৫০ শতাংশের বেশি ধোঁয়াবিহীন তামাক ব্যবহার করেন, যাদের অধিকাংশ দরিদ্র এবং নারী। মূল্যস্ফীতি ও মাথাপিছু আয় বৃদ্ধির প্রেক্ষিতে এসব পণ্যের দাম না বাড়ানোর ফলে দরিদ্র জনগোষ্ঠী, বিশেষ করে নারীরা, ধোঁয়াবিহীন তামাক ব্যবহারে বেশি উৎসাহিত হবে। এতে তাদের স্বাস্থ্যঝুঁকি বাড়বে, বিশেষ করে মুখের ক্যানসার ও হৃদরোগের ঝুঁকি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বাংলাদেশে তামাকজনিত রোগে বছরে প্রায় ১ লাখ ৬১ হাজার মানুষ মারা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত