স্বরাষ্ট্রে বরাদ্দ বেড়েছে ১৭০৮ কোটি

আপডেট : ০৩ জুন ২০২৫, ১২:৪৩ এএম

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগে গত অর্থবছরের চেয়ে ১ হাজার ৭০৮ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তার মধ্যে জননিরাপত্তা বিভাগে বাড়বে ১ হাজার ৩৬৭ কোটি টাকা। তাছাড়া সুরক্ষা সেবা বিভাগেও বাড়বে ৩৪১ কোটি টাকা। গতকাল সোমবার বাজেট বক্তব্যে এসব তথ্য জানান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

গত অর্থবছরে জননিরাপত্তা বিভাগের মোট বাজেট ধরা হয়েছিল ২৫ হাজার ১২৫ কোটি টাকা। এ বিভাগের অধীনে আছে পুলিশ হেডকোয়ার্টার্স, বর্ডার গার্ড বাংলাদেশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বাংলাদেশ গ্রাম ও আনসার প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড, তদন্ত সংস্থা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ও এনটিএমসি। অন্যদিকে, সুরক্ষা সেবা বিভাগে বাজেট বরাদ্দ ছিল ৪ হাজার ১৩৭ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরে সুরক্ষা সেবা বিভাগে বাজেট ছিল ৪ হাজার ১৬৩ কোটি টাকা। ২০২৩-২৪-এর প্রস্তাবিত বাজেট থেকে সংশোধিত বাজেট করা হয় ৩ হাজার ৬৮৩ কোটি টাকা, যা প্রস্তাবিত বাজেট থেকে ৪৮০ কোটি টাকা কম। সুরক্ষা সেবা বিভাগের অধীন অধিদপ্তরগুলো হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পাসপোর্ট অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কারা অধিদপ্তর।

অর্থ উপদেষ্টা বলেছেন, বাজেটে বরাদ্দ ও কার্যক্রমের আওতায় আসবে জননিরাপত্তার সঙ্গে সম্পর্কিত নীতিনির্ধারণী প্রশাসনিক কার্যক্রম এবং আইন বিধি ও নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন, কৌশলগত গোয়েন্দা কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উন্নয়নের মাধ্যমে অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করে দেশের উন্নয়ন সুসংহত করা হবে। সীমান্ত সুরক্ষা চোরাচালান প্রতিরোধ করার উদ্যোগ নেওয়া হবে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় অস্ত্র, সরঞ্জাম, রসদ ও প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে। যুদ্ধ ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে রুজুকৃত মামলার যথাযথ প্রসিকিউশন দাখিল এবং ভিকটিম ও সাক্ষীদের নিরাপত্তা দেওয়া হবে। তাছাড়া র‌্যাব ফোর্সের সদর দপ্তর নির্মাণ, আভিযানিক সক্ষমতা বৃদ্ধি, কারিগরি ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হবে। সীমান্ত এলাকায় ৭৩টি আধুনিক বিউপি নির্মাণ করা হবে। কোস্ট গার্ডের সক্ষমতা আরও বৃদ্ধি করা হবে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য প্রথম পর্যায়ে ৪০টি অস্ত্রাগার করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত