ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, সহকর্মীদের বিক্ষোভ

আপডেট : ০৪ জুন ২০২৫, ০৭:৩৮ এএম

গাজীপুরের শ্রীপুরে জিন্নাত নিটওয়্যার পোশাক কারখানায় শ্রমিক মো. জাকির হোসেনের (২৫) মৃত্যুকে কেন্দ্র করে পুলিশ ও শ্রমিকদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। এতে কারখানা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। পুলিশ ২৩ জন শ্রমিককে আটক করেছে।

দুপুরের পর অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কারখানা আপাতত ছুটি ঘোষণা করা হয়েছে।

পুলিশ বলছে, গতকাল মঙ্গলবার সকালে গাজীপুর ইউনিয়নের ধনুয়া নতুনবাজারে অবস্থিত কারখানার আটতলা ভবনের ছাদ থেকে নেত্রকোনার বারহাট্টার বাদেচিরাম গ্রামের মোক্তার উদ্দিনের ছেলে জাকির লাফিয়ে ‘আত্মহত্যা’ করেন। শ্রমিকদের মধ্যে গুজব ছড়ায়, কারখানা কর্র্তৃপক্ষের অপমানের কারণে তিনি এই পদক্ষেপ নিয়েছেন। এর জেরে ক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় ভাঙচুর শুরু করেন। খবর পেয়ে থানা ও শিল্পপুলিশ ঘটনাস্থলে পৌঁছলে শ্রমিকরা তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও লাঠিচার্জ করে, যা চার ঘণ্টা ধরে দফায় দফায় সংঘর্ষে রূপ নেয়। শ্রমিকরা শিল্পপুলিশের একটি এপিসি গাড়ি ভাঙচুর করে। তবে শ্রমিকরা অভিযোগ করেন, জাকির অসুস্থতার কারণে ছুটি চাইলে তাকে অপমান করা হয়, যার ফলে তিনি আত্মহত্যা করেন। তারা দাবি করেন, পুলিশ কারখানা মালিকের পক্ষ নিয়ে নারী-পুরুষ শ্রমিকদের ওপর অতর্কিত হামলা ও লাঠিচার্জ করেছে, যাতে ৩০-৩৫ জন শ্রমিক আহত হয়েছেন। অনেকে ক্লিনিকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ আবদুল বারিক জানান, শ্রমিকদের হামলায় ২০ পুলিশ সদস্য আহত হয়েছেন।

শিল্প পুলিশের ওসি (শ্রীপুর জোনাল) আবদুল লতিফ বলেন, গুজবের ভিত্তিতে শ্রমিকরা ভাঙচুর ও পুলিশের ওপর হামলা করেছে। কারখানা কর্র্তৃপক্ষ জাকিরকে অপমান করেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত