ব্রাজিল জাতীয় দলের ডাগআউটে প্রথমবারের মতো দাঁড়াতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। আর শুরুতেই কৌতূহলের জন্ম দিয়েছেন ইতালিয়ান এই বর্ষীয়ান কোচ। ম্যাচের আগের প্রতিটি অনুশীলনে যারা থাকেন চোখ-কান খোলা, সেই সাংবাদিকদের এবার যেন চমকে দিলেন আনচেলত্তি।
মঙ্গলবার সাংবাদিকেরা যখন অনুশীলন মাঠে প্রবেশ করেন, তখন দেখা যায় ১১ জন আউটফিল্ড খেলোয়াড়কে 'ভেস্ট' পরিয়ে রাখছেন কোচিং স্টাফরা। উপস্থিত গণমাধ্যম কর্মীরা ধরে নেন, এটাই সম্ভবত ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের মূল একাদশ। সেই দলে ছিলেন দানিলো, আন্দ্রেয়াস পেরেইরা ও তরুণ আন্দ্রেই সান্তোস।
কিন্তু সবকিছু পাল্টে গেল সাংবাদিকেরা মাঠ ছাড়ার পরই। 'ভেস্ট' পরা খেলোয়াড়েরা হঠাৎ করেই চলে গেলেন রিজার্ভদের সঙ্গে অনুশীলনে। আর মূল দলের অনুশীলনে নামলেন ব্রুনো গিমারাইস, গেরসনেরা। সাফ বুঝিয়ে দিলেন আনচেলত্তি—তিনি নিজের কৌশল গোপন রাখতে চান শেষ মুহূর্ত পর্যন্ত।
তবে যতই গোপন রাখা হোক, সংবাদমাধ্যমের চোখ যে সহজে ফাঁকি খায় না, তার প্রমাণ দিয়েছে ব্রাজিলের প্রভাবশালী দৈনিক গ্লোবো। তাদের প্রতিবেদন অনুযায়ী, ইকুয়েডরের বিপক্ষে আনচেলত্তির প্রথম একাদশে দেখা যেতে পারে চেলসির উঠতি তারকা এস্তেভাও ও অভিজ্ঞ সাইডব্যাক অ্যালেক্স সান্দ্রোকে।
এছাড়া কেমন ফরমেশনে খেলবে ব্রাজিল, তাও উঠে এসেছে গ্লোবোর বিশ্লেষণে। আনচেলত্তির পরিকল্পনায় ৪-৩-৩ ছকে মাঝমাঠ সাজানো হবে ‘ইনভার্টেড ট্রায়াঙ্গল’ আকারে—একজন রক্ষণাত্মক মিডফিল্ডারের সামনে থাকবেন দুজন আক্রমণাত্মক মিডফিল্ডার। তবে বল হারালে দল দ্রুত রূপ নেবে ৪-৪-২ ফরমেশনে, যেখানে রক্ষণাত্মক ভারসাম্য বজায় থাকবে।
এই রূপান্তরধর্মী কৌশল আনচেলত্তির চেনা স্টাইল। বলের দখলে থাকতে চান আধিপত্য নিয়ে, আর দখল হারালেই শৃঙ্খলিত রক্ষণে ফিরতে চান দ্রুত। ফলে ফুটবলারদের পজিশনিং, রক্ষণাত্মক মনোভাব ও কৌশলগত বোঝাপড়ার ওপরই নির্ভর করবে সাফল্য।
বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ লড়াইয়ে আগামী শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টায় ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল। ১০ জুন প্রতিপক্ষ হবে প্যারাগুয়ে। ছয় দলের মধ্যে সোজাসুজি জায়গা পাবে ২০২৬ বিশ্বকাপে। আপাতত চার নম্বরে থাকা ব্রাজিলের লক্ষ্য থাকবে দুই ম্যাচে সর্বোচ্চ পয়েন্ট তুলে নেওয়ার।
ইকুয়েডরের বিপক্ষে সম্ভাব্য একাদশ
আলিসন; ভ্যান্ডারসন, মারকিনিওস, আলেক্সসান্দ্রো, অ্যালেক্স সান্দ্রো; কাসেমিরো, ব্রুনো গিমারাইস, গেরসন; এস্তেভাও, রিচার্লিসন, ভিনিসিয়ুস জুনিয়র।
ছাঁটাই হতে পারেন হামজাকে শেফিল্ডে পাঠানো লেস্টারসিটি কোচ নিস্তেলরয়
ক্যারিয়ারের ইতি টানলেন ফুটবলের 'মিনি মেসি'