বিশ্ব পরিবেশ দিবস (সংক্ষেপে WED) আজ বৃহস্পতিবার। প্রতি বছর ৫ জুন বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে পালিত হয় এই দিবসটি। ২০২৫ সালের বিশ্ব পরিবেশ দিবসের আনুষ্ঠানিক প্রতিপাদ্য হলো ‘প্লাস্টিক দূষণকে পরাজিত করুন।’ এই প্রচারণার লক্ষ্য হলো বাস্তুতন্ত্র, বন্যপ্রাণী এবং মানব স্বাস্থ্যের ওপর প্লাস্টিক বর্জ্যরে ক্ষতিকারক প্রভাব সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করা।
এই দিনটিতেই জাতিসংঘের মানবিক পরিবেশ সম্মেলন (United Nations Conference on the Human Environment) শুরু হয়েছিল। এই সম্মেলন হয়েছিল ১৯৭২ খ্রিস্টাব্দের ৫ থেকে ১৬ জুন পর্যন্ত। এই সম্মেলনে ওই বছরই চালু করেছিল জাতিসংঘের সাধারণ সভা। তখন থেকেই প্রতিবছর এই দিবস পালিত হয়ে আসছে।
দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৪ খ্রিস্টাব্দে। প্রতিবছরই দিবসটি আলাদা আলাদা শহরে, আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়।
ইতিহাস : ১৯৬৮ সালের ২০ মে জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক পরিষদের কাছে একটি চিঠি পাঠায় সুইডেন সরকার। পরের বছর জাতিসংঘের পক্ষ থেকে পরিবেশ রক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা এবং সমাধানের উপায় খুঁজতে সদস্য রাষ্ট্রগুলোর সম্মতিতে সুইডেনের রাজধানী স্টকহোমে ১৯৭২ সালের ৫ থেকে ১৬ জুন জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনটি ইতিহাসের প্রথম পরিবেশবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের স্বীকৃতি পায়। ১৯৭৪ সালে সম্মেলনের প্রথম দিন ৫ জুনকে জাতিসংঘ ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। ১৯৭৪ সাল থেকে প্রতিবছর দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।
