চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল অটোরিকশা, নিহত ১

আপডেট : ০৬ জুন ২০২৫, ০১:১৮ এএম

চট্টগ্রামের কালুরঘাট সেতুর ওপর পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনায় ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে সেতুর বোয়ালখালী অংশে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সিগন্যাল অমান্য করে অন্তত আটটি গাড়ি একসঙ্গে সেতুর ওপর উঠে যায়। এর মধ্যে একটি অটোরিকশাকে ধাক্কা দেয় দ্রুতগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন, যা কক্সবাজার থেকে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ছেড়ে আসে।

আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের নাম জানা গেছে- আসিফ উদ্দিন বাপ্পি, আসমা আহমেদ ও আঞ্জু আরা।

দুর্ঘটনায় আরও কয়েকটি মোটরসাইকেল ট্রেনের নিচে চাপা পড়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন রেড ক্রিসেন্ট সদস্যরা। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে বলে একটি ভিডিও ফুটেজে দেখা গেলেও, তাৎক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিত করতে পারেননি কোনো দায়িত্বশীল ব্যক্তি।

কালুরঘাট ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, রাত পৌনে ১১টার দিকে তারা খবর পেয়ে দুটি ইউনিট ও একটি অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। 

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) নুরুল আলম আশেক জানান, গুরুতর আহত পাঁচজনকে হাসপাতালের ক্যাজুয়ালটি ইউনিটে ভর্তি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত